ছয় মাসেও শিক্ষকদের টাইম স্কেল জটিলতা কাটেনি, ক্ষোভ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিতের প্রায় ছয় মাস পরও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকদের টাইম স্কেল (আট বছর চাকরির পর দেওয়া বর্ধিত আর্থিক সুবিধা) জটিলতা কাটেনি। আবার কবে থেকে এই টাইম স্কেল দেওয়া হবে, তা-ও সুনির্দিষ্ট করে বলছে না শিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, পুনরায় টাইম স্কেল দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলেও ওই খাতে এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। এতে শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।উল্লেখ্য, বেসরকারি শিক্ষকেরা আট বছর চাকরির পর এই টাইম স্কেল পান। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, টাইম স্কেলের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। টাকা পাওয়া গেলেই আবার টাইম স্কেল দেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন স্থগিত থাকার পর গত বছরের নভেম্বর থেকে বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক পর্যায়ের প্রায় ১৯ হাজার শিক্ষককে টাইম স্কেল দেওয়া হয়। এতে স্কেল পাওয়া প্রত্যেক শিক্ষকের মাসে তিন থেকে চার হাজার টাকার মতো আর্থিক সুবিধা বাড়ে। কিন্তু দুই মাস দেওয়ার পর গত জানুয়ারি থেকে টাইম স্কেলসহ বেতন বন্ধ হয়। বিষয়টি নিয়ে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। এরপর বেতন চালু হলেও টাইম স্কেল দেওয়া বন্ধ আছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় স্থগিত টাইম স্কেল দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। তবে শর্ত জুড়ে দেয়, শিক্ষা মন্ত্রণালয়ে থাকা অর্থ থেকেই টাইম স্কেল সুবিধা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তাঁদের কাছে যে টাকা আছে, তা দিয়ে গত জানুয়ারি থেকে বকেয়াসহ টাইম স্কেল দেওয়া সম্ভব নয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় ১৯ হাজার শিক্ষকের জন্য টাইম স্কেল বাবদ প্রতি মাসে প্রায় সাত কোটি ২৩ হাজার টাকা লাগবে। এ জন্য গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত বকেয়াসহ টাইম স্কেল দিলে লাগবে ৪৩ থেকে ৪৪ কোটি টাকা। এ দিকে ছয় মাসেও স্থগিত টাইম স্কেল চালু না করায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষকেরা। প্রবীণ শিক্ষকনেতা মাজহারুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘টাইম স্কেল দিয়েও হঠাৎ করে বন্ধ করে দেওয়া অমানবিক ও অনৈতিক। আমরা চাই অবিলম্বে এটা আবার চালু করা হোক।’বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের অনেক অর্জন আছে। কিন্তু শিক্ষকদের টাইম স্কেল দিয়ে তা স্থগিত করা ন্যায়সংগত হয়নি, এর ফলে শিক্ষকদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।’