ছয় মাসেও হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক পরীক্ষার ফল প্রকাশিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষ হওয়ার ছয় মাস পার হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগে বিবিএ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক অরবিন্দ সাহার কক্ষে তালা লাগানোর চেষ্টা করেন। এ সময় বিভাগের কিছু শিক্ষকের হস্তক্ষেপে তাঁরা তালা দিতে পারেননি। পরে তাঁরা বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শাহজাহান আলীর কাছে গিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। বিভাগের বিবিএ পরীক্ষার্থীরা জানান, গত বছর ৩০ ডিসেম্বর তাঁদের বিবিএর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়। গত ৩১ মার্চ তাঁরা ইন্টার্নির প্রতিবেদন জমা দেন। চার মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ছয় মাসেও ফল প্রকাশিত হয়নি। এতে শিক্ষার্থীরা সাতটি ব্যাংকসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারেননি। এ ব্যাপারে পরীক্ষা কমিটির চেয়ারম্যান অরবিন্দ সাহা প্রথম আলোকে বলেন, ‘পদ্ধতিগত কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে। কাল (আজ বুধবার) পরীক্ষা কমিটির সবাইকে নিয়ে বৈঠক করা হবে।’ বিভাগের চেয়ারম্যান কাজী আকতার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ফলাফলে কিছু ভুল থাকায় সংশোধনীর মাধ্যমে শিগগিরই তা প্রকাশ করা হবে।’