ছয় মাসের কাজ আড়াই বছরেও শেষ হয়নি
সিরাজগঞ্জের চরাঞ্চলীয় উপজেলা কাজীপুরের পানাগাড়ী-রূপসা সড়কের নির্মাণকাজ গত আড়াই বছরেও শেষ হয়নি। আট কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। সড়কটি বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী অবস্থায় রয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলীয় নাটুয়াপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মেছরা এই পাঁচটি ইউনিয়নের বাসিন্দাদের জন্য পানাগাড়ী-রূপসা সড়কটি নির্মাণের পরিকল্পনা করা হয়। অনগ্রসর উপজেলার সড়ক, সেতু ও কালভার্ট এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে ২০০৯-১০ অর্থবছরে তিন কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ২০১০ সালের মে মাসে মেসার্স সুমি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কের দুই হাজার ১০০ মিটার ও মেসার্স রুনা এন্টারপ্রাইজকে দুই কিলোমিটার এবং মেসার্স ফরিদ উদ্দীন নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুটি প্যাকেজের আওতায় চার কিলোমিটার কাজের কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার ছয় মাসের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারেরা প্রভাবশালী হওয়ায় অল্প কিছু কাজ করেই বিল উত্তোলন করে সবাই সটকে পড়েছেন। আংশিক কাজ হওয়া এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, বর্তমানে পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের নাটুয়াপাড়া ইউনিয়ন থেকে শুরু হয়ে কিছুটা অংশ এবং তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়নের কিছু অংশ মিলে দুই কিলোমিটার সড়ক পাকাকরণ করা হলেও বিভিন্ন স্থানে সিমেন্টের ঢালাই উঠে রড বের হয়ে গেছে। কয়েকটি স্থানে সম্পূর্ণ ভেঙে গেছে। রূপসা হাট থেকে নাটুয়াপাড়ার দিকে আসা অংশসহ বিভিন্ন স্থানের চার কিলোমিটার এলাকায় উল্লেখযোগ্য কোনো কাজই হয়নি। সড়কের দুই পাশে শুধু গর্ত করা হয়েছে। শেষের দুই কিলোমিটার অংশেও কোনো কাজই করা হয়নি। এলজিইডির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স সুমি এন্টারপ্রাইজের অধীনের কাজটি সম্পন্ন হয়েছে। তাকে ৯৭ লাখ ২৫ হাজার টাকার সম্পূর্ণ বিল প্রদান করা হয়েছে। এ ছাড়া মেসার্স রুনা এন্টারপ্রাইজের কাজ ৪০ ভাগ সম্পন্ন হওয়ায় তাকে ১৭ লাখ টাকা, ফরিদ উদ্দীনের দুটি কাজের মধ্যে একটি কাজ ৮৫ ভাগ অপরটি ২০ ভাগ সম্পন্ন হয়েছে। তাকে ৮৬ লাখ টাকা বিল প্রদান করা হয়েছে। নাটুয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. তোজাম্মেল হক বলেন, সঠিকভবে তদারকি না থাকায় সড়ক নির্মাণের কাজটি বন্ধ হয়ে গেল। একমাত্র পাকা সড়কটি অবহেলিত চরবাসীদের জন্য স্বপ্ন ছিল। নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় মালামাল পরিবহনে ব্যয় বেশি হয়েছে। এ কারণে ঠিকাদারেরা কাজ বন্ধ করে দেন। তবে অতিরিক্ত কোনো বিল উত্তোলন করা হয়নি বলে তাঁরা দাবি করেন। এলজিইডির কাজীপুর উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, এলাকাটি দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম প্যাকেজের কাজটি শতভাগ শেষ হয়েছে। বাকি প্যাকেজগুলোর কাজ করা হয়নি। কাজের পরিমাণ অনুযায়ীই ঠিকাদারদের বিল প্রদান করা হয়েছে বলে তিনি দাবি করেন। সার্বিক বিষয়ে এলজিইডির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তাফা বলেন, ঠিকাদারদেরকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য একাধিকবার চিঠি পাঠানো হয়। কাজ না করায় কার্যাদেশ বাতিল করার জন্য এরই মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সড়কটি নির্মাণের জন্য পুনঃ দরপত্র আহ্বান করা হবে।