ছয় মাসের কাজ তিন বছরেও শেষ হয়নি
ছয় মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দুটি সড়কের কাজ তিন বছরেও শেষ হয়নি। ঠিকাদাররা সড়কে ইট বিছিয়ে ফেলে রেখেছেন। ফলে অনেক জায়গায় ইটের খোয়া উঠে যাওয়ায় চলাচলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০০৮-০৯ অর্থবছরে হরিপুর উপজেলায় বকুয়া ইউনিয়নে ধীরগঞ্জ থেকে যাদুরানী চার কিলোমিটার ও ধীরগঞ্জ থেকে খাকরতলা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ইউনিয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। ৭৩ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা ধীরগঞ্জ থেকে যাদুরানী পর্যন্ত সড়কটির একাংশ নির্মাণের কাজ পান হাসান মাহমুদ ও অন্য অংশের জন্য ৭২ লাখ ৭৬ হাজার ১২৫ টাকায় কাজ পান তোজাম্মেল হোসেন। ধীরগঞ্জ থেকে খাকরতলা পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৭৪ লাখ ১০ হাজার টাকায় কার্যাদেশ পায় মেসার্স রশিদা সুলতান। কার্যাদেশ অনুযায়ী ধীরগঞ্জ থেকে খাকরতলা পর্যন্ত সড়কটি ২০০৯ সালের মে ও ধীরগঞ্জ থেকে যাদুরানী পর্যন্ত সড়কটি ২০০৯ সালের আগস্টে শেষ হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারেরা সড়ক দুটিতে ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্ত করার পর নির্মাণসামগ্রীর দুষ্প্রাপ্যতা ও প্রকল্পের তহবিল সংকটের অজুহাতে কাজ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে এলজিইডি বারবার তাগিদ দেওয়ার পর ঠিকাদাররা শুধু কাজ শেষের সময় বাড়ানোর আবেদন করেন। কিন্তু সড়ক নির্মাণের কাজে হাত দেননি।গত বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের ওই তিনটি সড়কে গিয়ে দেখা গেছে, সড়ক নির্মাণের জন্য ইটের খোয়া ও বালুর কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে সড়কের ইটের খোয়া উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সে সময় রিকশাভ্যানে মালামাল বোঝাই করে যাওয়ার সময় বকুয়া গ্রামের ভ্যানচালক মোজাম্মেল হক বলেন, তিন বছর ধরে রাস্তাটা এভাবে পড়ে আছে। বৃষ্টির পানিতে ইটের খোয়াগুলো উঠে গিয়ে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। মালবোঝাই ভ্যান ঠেলে নিয়ে যেতে এখন বড় কষ্ট হয়। গ্রামের কাঁচামাল ব্যবসায়ী নাদের আলী বলেন, ‘গ্রামের ওপর দিয়া পাকা রাস্তা হইবে, দেখিয়া খুশি হইছিনু। কিন্তু কয় দিন বাদে কিছু কাজ করে কনট্র্রাক্টর কাজ ফেলাইয়া পালাইয়া গেইল। এলা রাস্তাটা হামাক বিপদে ফেলাইছে।’এলাকার বাসিন্দা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, মানুষের দুর্ভোগ দেখে গ্রামবাসী ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করে। সে সময় তাঁরা জানান, প্রকল্পের তহবিল সংকটের কারণে কাজের চলতি বিল না পেয়ে তাঁরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। এরপর এলজিইডির সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।সড়কের কাজ বন্ধ প্রসঙ্গে ঠিকাদার মাহমুদ হাসান জানান, এলজিইডি প্রকল্পের তহবিল না পেয়েই দরপত্র আহ্বান করে। সে কারণে চলতি বিল জমা দিয়েও তাঁরা বিল পাননি। আবার যখন তহবিলের সংকট কেটে যায়, তখন নির্মাণসামগ্রীর দাম বেড়ে যায়। লোকসানের আশঙ্কায় ঠিকাদাররা সড়কের কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি বলেন, ‘এখন লোকসান হলেও আমাদের কাজ শেষ করতেই হবে। তাই সাইটে আবার ইট ফেলতে শুরু করেছি। এ মাসের মধ্যেই সড়কের কাজ শেষ হবে।’ আরেক ঠিকাদার আবু সুলতান বলেন, ‘ঠিকাদারেরা যেখানে কাজ পেতে পাগল হয়ে ওঠেন। আর সেখানে আমরা চুক্তি করা কাজটি কেন বন্ধ রেখেছি, তা বুঝতে হবে। তিন বছরেও জমা দেওয়া চলতি বিল ছাড় করেনি এলজিইডি। প্রকল্প তহবিল পেলে কাজ শুরু করব।’এ বিষয়ে এলজিইডির হরিপুর উপজেলা প্রকৌশলী মো. আবদুস ছামাদ বলেন, তহবিল পাওয়া সাপেক্ষে বিল ছাড় করা হবে—এ কথা চুক্তির সময় ঠিকাদারদের বলে দেওয়া হয়। এর পরও কাজ বাস্তবায়নের কথা ভেবে তাঁদের সময় বাড়ানো হয়েছে। যাঁরা বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন না, তাঁদের চুক্তি বাতিল করা হবে।