ছয় মাসের কাজ ৩২ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি-মিয়ারহাট সড়কের শিকারমঙ্গল বাজার থেকে মিয়ারহাট বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়কের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও ৩২ মাসেও শেষ হয়নি। নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করে রাখায় এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিন্টু সরদার বলেন,‘ফান্ডে টাকা না থাকায় সড়কের কাজ বন্ধ রেখেছি। আমি যেটুকু কাজ করেছি, তার বিলও এখনো পাইনি। ফান্ডে টাকা এলে আবার কাজ শুরু করা হবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের শিকারমঙ্গল থেকে মিয়ারহাট পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ২০০৯-১০ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ৮৭ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। মেসার্স ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০১০ সালের ১১ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্ত অনুযায়ী ১৮০ (ছয় মাস) দিনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ৩২ মাসেও কাজটি শেষ হয়নি।এলজিইডির মাদারীপুর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, দরপত্রের শর্তানুযায়ী চারটি ভাগে ওই সড়কের কাজ হবে। প্রথমে ভাগে মাটি কেটে সড়কে বালু ফেলতে হবে, দ্বিতীয় ভাগে বালু ও খোয়ার মিশ্রণ দিতে হবে, তৃতীয় ভাগে মেকাডম (খোয়া বিছানো) এবং চতুর্থ ভাগে পিচ ঢালাই করতে হবে। ঠিকাদার এ পর্যন্ত সড়কের প্রথম দেড় কিলোমিটারে বালু ফেলার ও বালু এবং খোয়ার মিশ্রণ দেওয়ার কাজ করেছেন। বাকি কাজ তিনি করেননি। কালকিনি উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, টাকা না থাকায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এলজিইডির মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, ‘বৃহত্তর ফরিদপুর-২ প্রকল্পের টাকা না থাকায় ঠিকাদার কাজ বন্ধ করে রেখেছেন। আমার কাছে ২৪ কোটি টাকার বিল জমা আছে। টাকা না থাকায় ঠিকাদারদের বিলও দিতে পারছি না। তবে সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।’