ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে পারিবারিক সহিংসতা রোধে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক নির্যাতনের শিকার নারী ও শিশুকে বাড়ি ছাড়তে হবে না। তারা বাড়িতে থেকেই সুরক্ষা পাবে। প্রয়োজনে নির্যাতনকারীকেই সাময়িকভাবে বাড়ি থেকে উচ্ছেদের আদেশ দেবেন আদালত। নির্যাতনের মাত্রা অনুযায়ী নির্যাতনের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতেও বাধ্য থাকবেন নির্যাতনকারী।পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর খসড়ায় এসব কথা বলা হয়েছে। আইনটিতে মানসিক নির্যাতনকে পারিবারিক নির্যাতন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আশা করছি আগামী সংসদ অধিবেশনেই আইনটি পাস করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, বিভিন্ন আইনে পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকৃত ছিল না। ‘পারিবারিক’ বলে পুলিশ থেকে শুরু করে প্রায় সবাই বিষয়টি এড়িয়ে যেত। এই আইন পাস হলে সেই সুযোগ আর থাকবে না। আইনে দোষীকে শাস্তি দেওয়ার চেয়ে নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁর সন্তানদের সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়, পারিবারিক সম্পর্কের ভিত্তিতে কোনো সদস্যের মাধ্যমে পরিবারের কোনো নারী বা শিশু শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের সম্মুখীন হলে তা পারিবারিক সহিংসতার পর্যায়ে পড়বে।মানসিক নির্যাতন বলতে মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, হয়রানি, ভয় দেখানো এবং এমন কোনো কথা বলা, যার মাধ্যমে অন্য ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে বা ক্ষতিগ্রস্ত হয়, তা বোঝোনো হয়েছে। এ ছাড়া স্বাভাবিক চলাচল, যোগাযোগ ও ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের ওপর হস্তক্ষেপকেও মানসিক নির্যাতন বলা হয়েছে।খসড়ায় বলা হয়, আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য। প্রতিপক্ষ শর্ত না মানলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য মিথ্যা আবেদন করলে দণ্ডের বিধান রাখা হয়েছে। এ ধরনের একটি আইনের জন্য নারী ও মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। প্রথমে আইন কমিশন আইনের খসড়া তৈরি করে। পরে বিভিন্ন সংগঠন একত্রিতভাবে আরেকটি খসড়া করে। এই দুটি খসড়া পর্যালোচনা করে বর্তমানের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম প্রথম আলোকে বলেন, আইন হলেই নির্যাতন দূর হয়ে যাবে তা নয়। কেননা, যৌতুকবিরোধী আইনটি কয়েক যুগ আগের। কিন্তু যৌতুক বন্ধ হয়নি। আইনে প্রতিটি থানা, উপজেলা, জেলা বা মেট্রোপলিটন এলাকার জন্য এক বা একাধিক প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে। কর্মকর্তা তাঁর দায়িত্ব পালন না করলে বা অবহেলা করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পুলিশের কর্মকর্তা পারিবারিক সহিংসতার খবর পাওয়ামাত্র আইন অনুসারে সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন।আদালত প্রতিপক্ষকে শাস্তি না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ করা এবং এ কাজ থেকে যে অর্থ আয় হবে, তা থেকে সংক্ষুব্ধ ব্যক্তি ও সন্তানদের দেওয়ার জন্যও আদেশ দিতে পারবেন। আদালত সরেজমিন তদন্ত, রুদ্ধদ্বার কক্ষে (ট্রায়াল ইন ক্যামেরা) বিচারকাজ, সংক্ষুব্ধ ব্যক্তির ব্যবহার করা মূল্যবান কোনো জিনিস, সম্পত্তি ফেরত দেওয়া, যে যানবাহন ব্যবহার করতেন তা অব্যাহত রাখার জন্যও প্রতিপক্ষকে আদেশ দিতে পারবেন।সংক্ষুব্ধ ব্যক্তি ও তাঁর সন্তানদের ভরণপোষণের জন্য তারা যে পরিবেশে অভ্যস্ত, সেই ধরনের জীবন ধারণের জন্য আদালত প্রতিপক্ষকে আদেশ দেবেন। প্রতিপক্ষ সরকারি, বেসরকারি বা যেকোনো ধরনের প্রতিষ্ঠানে চাকরিজীবী হলে ক্ষতিপূরণ আদেশের অনুলিপি তাঁর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হবে। প্রতিপক্ষ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তিনি যাঁর অধীনে কর্মরত, তাঁকে প্রতিপক্ষের মজুরি, বেতন বা অন্য কোনো পাওনা থেকে সংক্ষুব্ধ ব্যক্তিকে সরাসরি বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন আদালত। আইন অনুসারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার করবেন। আবেদন বা কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য। আদেশের বিরুদ্ধে ৩০ কার্যদিবসের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, আইনটি প্রতিরোধমূলক। আইনটি বাস্তবায়নের জন্য সচেতনতা বেশি প্রয়োজন। এ ছাড়া দরকার প্রয়োগকারী কর্মকর্তাসহ অন্যদের প্রশিক্ষণ।