ছয় মাসের জন্য উচ্চ আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী মজুমদার
হিমাদ্রী মজুমদার

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। মামলার আসামি শাহাদাত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদ এ স্থগিতাদেশ দেন।
গত ২১ জুলাই এ আদেশ দিলেও গতকাল সোমবার চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায় আদেশটি। বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত চট্টগ্রাম মহানগর পিপি অনুপম চক্রবর্তী জানান, মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। জুলাই মাসের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বিচারের জন্য। সেখানে আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ অবস্থায় মামলার কার্যক্রম ছয় মাসের স্থগিতাদেশের একটি আদেশ আসে উচ্চ আদালত থেকে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।