বাহরাইনে বসবাসকারী সব অবৈধ অভিবাসীর জন্য ছয় মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। গত শনিবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের।
আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে এ ঘোষণা। সাধারণ ক্ষমার আওতায় গ্রেপ্তার, জেল-জুলুমের ভয়ে পালিয়ে বেড়ানো বিদেশি কর্মী এবং যেসব কর্মীর কার্যানুমতির মেয়াদ ফুরিয়ে বা বাতিল হয়ে গেছে তাঁরাও পড়বেন।
ঘোষণা কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত ‘লেবার মার্কেট রেগুলেটরি ওথরিটি’ (এলএমআরএ)-এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) ওসামা আল আবসি প্রবাসী কর্মীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান ও অবৈধ অভিবাসী সবার প্রতি এ সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। কেননা নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এর আগে ২০০৭ সালে সর্বশেষ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল বাহরাইন। ওই ঘোষণার সুযোগ নিয়ে তখন পাঁচ হাজার অবৈধ বিদেশি কর্মী তাঁদের মর্যাদা সংশোধন করেছিলেন।