ছয় মাসের জামিন পেলেন ফাহিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতা রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলায় ফাহিমা ইসলাম ওরফে লোপার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার তাঁর জামিনের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ফাহিমা রিয়াজুলের কথিত সহযোগী ব্যবসায়ী মারুফ রেজা ওরফে সাগরের স্ত্রী। এ মামলার অন্যতম আসামি তারেককে রিয়াজুলের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন ফাহিমা—এ অভিযোগে গত বছরের ৩ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতে ফাহিমার পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস ও হাছিনা জাহান হাজারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
পরে বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘এফআইআরে ফাহিমার নাম নেই। ফৌজদারি কার্যবিধি অনুসারে ১২০ দিনের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়নি। তিনি নারী ও ছয় মাস যাবৎ কারাগারে আছেন। এসব বিবেচনায় জামিন পেতে পারেন বলে যুক্তি দিয়েছি। আদালত রুল ও জামিন মঞ্জুর করেছেন।’
খোন্দকার দিলীরুজ্জামান বলেন, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।