সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমামেশিনসহ অন্যান্য যন্ত্র ব্যবহার করে পাথর-বালু উত্তোলনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। বোমামেশিনসহ অন্যান্য যন্ত্র ব্যবহার করে পাথর-বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। জ্বালানিসচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কানাইঘাটের গোটাকিকর গ্রামের বাসিন্দা স্থানীয় মানবাধিকারকর্মী নজরুল ইসলাম ৩ জানুয়ারি রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুজ্জামান সেলিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।