ছয় মাসের ভোজ্যতেল আমদানির প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বর থেকে পরবর্তী ছয় মাসে বিভিন্ন সময়ে কী পরিমাণ সয়াবিন তেল কী দামে আমদানি করা হয়েছে, তার প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্টের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুসারে ওই প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে টিসিবির চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি) এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ১১ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। তবে ক্ষমাপ্রার্থনা করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে গতকাল অব্যাহতি দেওয়া হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক সম্পূরক আবেদনে গত ২৪ জুলাই ওই বেঞ্চ টিসিবির চেয়ারম্যানসহ চারজন কর্মকর্তাকে গতকাল হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এর আগে গত বছরের নভেম্বরে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৮ নভেম্বর আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। কিন্তু পণ্যের মূল্যবৃদ্ধিতে নিষ্ক্রিয়তা ও আদালতের নির্দেশনা অনুসারে প্রতিবেদন দাখিল না করায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সর্বশেষ সম্পূরক আবেদনটি করা হয়।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ছয় মাসে বিভিন্ন সময়ে কী পরিমাণ সয়াবিন তেল কী দামে আমদানি করা হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন ১৬ আগস্টের মধ্যে দাখিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে। গত ২৮ নভেম্বর আদালত টিসিবির চেয়ারম্যানসহ ছয় মাসের ভোজ্যতেলের আমদানির তালিকা ও মূল্য দাখিল করতে নির্দেশ দেন। কিন্তু বিবাদীরা ওই প্রতিবেদন দাখিলে ব্যর্থ হন। ব্যর্থতার কারণ জানাতে তিনজনকে ১১ আগস্ট হাজির হতে বলা হয়েছে।