বহুমাত্রিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজিরা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার ওই মামলায় এক আসামির জামিনের আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। ওই আসামি মিজানুর রহমান মিনহাজের জামিন আবেদনও নিষ্পত্তি করেন আদালত।
আদালত বলেছেন, ২০০৭ সালে অভিযোগ গঠন হলেও মামলাটি নিষ্পত্তি হয়নি। এ কারণে ছয় মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হলো।
২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ভাই মানজুর কবির রমনা থানায় এই মামলা করেন। ২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়। ২০০৬ সালের ২৩ মে মিনহাজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২০১১ সালে জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন।
এই আবেদনের ওপর গতকাল শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম এ মোনতাকিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ। মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিচারাধীন।