ছয় মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির বিধান অনুসারে ছয় মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার রায় দেন।
নীতির ৯ ধারায় মনিটরিং সেল গঠন বিষয়ে বলা হয়েছে, এই নীতি যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর ক্ষেত্রে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এর বাইরে দেশের সব জেলা ও উপজেলায় যথাক্রমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে মনিটরিং সেল গঠিত হবে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। মনজিল মোরসেদ বলেন, নীতিমালার ৯ ধারা অনুসারে কেন্দ্রীয়সহ সব পর্যায়ে ছয় মাসের মনিটরিং সেল গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিধান অনুসারে পরবর্তী মাসের ৭ তারিখে গৃহকর্মীর বেতন দেওয়া, নিয়োগে শ্রম আইন ২০০৬ অনুসরণ করা, বয়স ১২ বছরের কম হলে হালকা কাজে নিয়োগে তার অভিভাবকের সঙ্গে আলোচনা করা, দুর্ঘটনার শিকার হলে ক্ষতিপূরণ দেওয়া, যৌন হয়রানির শিকার হলে সরকারের মামলা পরিচালনা করা ও গৃহকর্মীর আচরণ খারাপ হলে তাকে বাদ দেওয়াসহ নীতিতে থাকা অন্যান্য বিধান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।