ছয় মাসের মধ্যে সরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবাসিক এলাকা থেকে বৈধ বা অবৈধ সব ধরনের ব্যবসায়িক, বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে এগুলো না সরানো হলে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোর গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া হবে, বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) নেওয়া হবে না।
গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ছয় মাসের সময় গণনা গতকাল থেকেই শুরু হয়েছে।
গত বছরের ৮ জুন মন্ত্রিসভা আবাসিক এলাকার সমস্যা চিহ্নিত করে এ-সংক্রান্ত প্রতিবেদন দিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছিল। গতকাল সেই প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে স্থানীয় সরকার বিভাগ। বৈঠক সূত্র জানায়, আবাসিক এলাকায় অনুমতি নিয়ে কেউ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান বা হাসপাতাল গড়ে তুললেও তা সরাতে হবে। এর জন্য এসব প্রতিষ্ঠানের মালিকদের বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করা হবে সবার আগে। এতে কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এ নিয়ে আতঙ্ক বা ভয়ভীতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য ধীরে-সুস্থে, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে কাজগুলো করা হবে। আবাসিক এলাকায় পার্কিংয়ের জন্য রাখা জায়গায় গাড়ি রাখতে হবে। সেখানে কোনো স্থাপনা করা হয়ে থাকলে তা অপসারণ করা হবে। আবাসিক এলাকায় কোনো বার (পানশালা) স্থাপনের অনুমতি দেওয়া হবে না। আবাসিক এলাকা থেকে অতিথিশালা (গেস্ট হাউস) ও আবাসিক হোটেল সরানোরও পরামর্শ দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। এ জন্য এর মালিকেরা ছয় মাস পর্যন্ত সময় পাবেন।
আঙুলের ছাপ নিয়ে আতঙ্কের কিছু নেই: বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনে গ্রাহকেরা আঙুলের ছাপ দেওয়ার কারণে কোনো ঝুঁকিতে পড়বেন না বলে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। গতকালের বৈঠকে সিম পুনর্নিবন্ধন বিষয়ে আলোচনা হয়। এতে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৈঠক সূত্র জানায়, সিম পুনর্নিবন্ধন নিয়ে যেসব আশঙ্কা ও সমালোচনা হচ্ছে, তা মন্ত্রিসভার বৈঠকে তোলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মোবাইল অপারেটরদের কাছে কোনো তথ্য জমা থাকছে না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধনযন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। অপারেটররা শুধু জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডারের সঙ্গে গ্রাহকদের তথ্য মিলিয়ে নিচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আইন অনুসারে কোনো কোম্পানি এসব তথ্য বাইরে ব্যবহার করতে বা কাউকে দিতে পারে না। টেলিযোগাযোগ আইন অনুযায়ী অপারেটররা কোনো আইন ভঙ্গ করলে তাদের ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে ছয়টি মোবাইল অপারেটর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে সিম/রিম নিবন্ধন ও তথ্য যাচাই শুরু করে। এর ফলে অপারেটরদের কাছ থেকে নাগরিকের ব্যক্তিগত তথ্য বাইরে যাওয়া, আঙুলের ছাপসহ অন্যান্য তথ্য অপব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ডে নিরীহ মানুষকে জড়ানোর শঙ্কার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে।
প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে আলোচনা: বৈঠক সূত্র জানায়, গত ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রকাশনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আইন প্রণয়ন ও পুরোনো আইনে বিচার প্রসঙ্গে যে বক্তব্য দেন, তা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনা হয়। প্রধান বিচারপতি বলেছিলেন, ‘আমাদের আইন প্রণেতাদের বড় সমস্যা হলো আইন সম্পর্কে অজ্ঞতা। ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এ জন্য এখনকার প্রতিটি আইন ত্রুটিপূর্ণ থেকে যায়।’ একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রধান বিচারপতির বক্তব্য উল্লেখ করে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য জানতে চান। আইনমন্ত্রী বলেন, এ বক্তব্য ঠিক নয়।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে বলেন, একটি আইন দীর্ঘ সময় ধরে নানা প্রক্রিয়া শেষে তৈরি হয়। তা ছাড়া পুরোনো আইন বাস্তবের সঙ্গে মিলিয়ে সংশোধন ও সংযোজন করা হচ্ছে। তাই ওনার এই বক্তব্য সঠিক নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী।
বিকল্প বিরোধ নিষ্পত্তি: বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিধি আরও কার্যকর করার লক্ষ্যে সরকার ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিআরপিসিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য আইন ও বিচার মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের খসড়া অনুমোদন করা হয়।
নতুন আইনে কোনো আদালত মামলার শুনানি করার আগে বিকল্প সমাধানের জন্য মামলাটি আইন সহায়তা কর্মকর্তার (এলএও) কাছে পাঠাতে পারবেন। বিদ্যমান ফৌজদারি আইনে কোনো আদালত মামলা মধ্যস্থতা করার জন্য আইন সহায়তা কর্মকর্তার কাছে পাঠাতে পারেন না। ফলে তাঁরা মামলাকারীকে আইনগত ও আর্থিক সহায়তা দিলেও মামলার বিকল্প নিষ্পত্তির জন্য কাজ করতে পারেননি।