ছয় মাসের মধ্যে ১২ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: বিআরটিএ চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরটিএ চট্টগ্রাম সার্কেল প্রাঙ্গণে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এক গণশুনানিতে অংশ নেন সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার
ছবি: প্রথম আলো

আগামী ছয় মাসের মধ্যে অপেক্ষমাণ ১২ হাজার ছাপা ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা হবে। আজ রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম সার্কেল প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে পরিবহনমালিক ও শ্রমিকদের প্রশ্নের মুখে এমন আশ্বাস দেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, এত দিন ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট আটকে ছিল। গত বছরের অক্টোবর থেকে প্রিন্ট শুরু হয়েছে। ছয় মাসের মধ্যে অপেক্ষায় থাকা ১২ হাজার ছাপা ড্রাইভিং লাইসেন্স চালকদের হাতে তুলে দেওয়া হবে।

গণশুনানিতে গাড়ির মালিকানা বদলে জটিলতা, ড্রাইভিং লাইসেন্স পেতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানি, লাইসেন্স পেতে বিলম্ব, বিভিন্ন রুটে অতিরিক্ত গাড়ি চলাচল, পুলিশের চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন পরিবহনের মালিক-শ্রমিকেরা।

এ সময় নুর মোহাম্মদ বলেন, বিআরটিএর নতুন আইন ও বিধি অনুযায়ী পুলিশ ভেরিফিকশন প্রতিবেদন ছাড়াই সংশ্লিষ্টরা ড্রাইভিং লাইসেন্স পাবেন। গড়ে তোলা হবে আর্কাইভ। ফলে আর হয়রানির শিকার হতে হবে না।

আগামী ছয় মাসের মধ্যে বিআরটিএ ৯০ শতাংশ ডিজিটালাইজড হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান। তিনি বলেন, এতে সেবাগ্রহীতারা ঘরে বসেই সেবা নিতে পারবেন। বিআরটিএ দালালমুক্ত হবে।

চালকদের প্রশিক্ষণের জন্য বিআরটিএ এ পর্যন্ত ১৪০টি ড্রাইভিং স্কুলের অনুমোদন দিয়েছে বলে গণশুনানিতে জানান নুর মোহাম্মদ।

গণশুনানিতে সম্প্রতি চট্টগ্রামসহ সারা দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম বলেন, দুর্ঘটনার জন্য এককভাবে চালক বা মালিকদের দোষারোপ করে লাভ নেই। এ জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে বিআরটিএসহ সবাইকে সজাগ হতে হবে।

চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক অলি আহাদ চট্টগ্রামে ট্রাক ও বাস টার্মিনাল না থাকার কথা উল্লেখ করে এ সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।