ছয় মেয়র প্রার্থী, মামলা একজনের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত। এ ছাড়া ছয়জন প্রার্থীর মধ্যে একজনের নামে তিনটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। 

হলফনামায় থেকে জানা যায়, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবদুল হালিম এম কম পাস। স্বতন্ত্র প্রার্থী এসএম ওয়াহিদুল হাসানের বিএসএস পাস ও এ কে এম হুমায়ুন আখতার স্বশিক্ষিত। আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম উচ্চমাধ্যমিক পাস। জাতীয় পার্টির (জেপি) প্রার্থী আবদুর রশিদ অষ্টম শ্রেণি পাস এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আমিনুল ইসলাম স্বশিক্ষিত। এঁদের মধ্যে বিএনপির প্রার্থী আবদুল হালিমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। হালিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলাসহ দুটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলা তদন্তাধীন রয়েছে। তিনি ৩৭৯ ধারার একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম লালমনিরহাট শহরের সাপটানা রোডের অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের স্বত্বাধিকারীদের মধ্যে অন্যতম। তাঁর বার্ষিক আয়ের মধ্যে রয়েছে কৃষি খাত থেকে ২১ হাজার ৭৫০ টাকা, ব্যবসা থেকে দুই লাখ ৩০ হাজার টাকা, পৌর মেয়রের সম্মানী বাবদ দুই লাখ ৪০ হাজার টাকা। তাঁর নগদ টাকার পরিমাণ এক লাখ ৫৬ হাজার ৯৮৭ টাকা। ব্যাংকে জমা রয়েছে তিন লাখ টাকা, বিমা খাতে জমা রয়েছে তিন লাখ ১৪ হাজার ৮৬০ টাকা। একটি গাড়ি, নিজের সাত ভরি স্বর্ণালংকার ও স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর নামে সোনালী ব্যাংকের ২৯ লাখ ৯০ হাজার ৪৪৪ টাকা এবং পূবালী ব্যাংকের ১৬ লাখ ২০ হাজার টাকার ঋণ রয়েছে।
​বিএনপির আবদুল হালিমের হলফনামা থেকে জানা যায়, তাঁর ওপর নির্ভরশীলদের কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা, ব্যবসা থেকে প্রার্থীর বার্ষিক আয় চার লাখ ৫৮ হাজার ৪৯০ টাকা। তাঁর নিজের নগদ টাকার পরিমাণ পাঁচ লাখ টাকা ও স্ত্রীর নগদ টাকার পরিমাণ সোয়া দুই লাখ টাকা। প্রার্থীর ডিপিএস আছে ৬১ হাজার টাকার, স্ত্রীর আছে পাঁচ হাজার টাকার। স্ত্রীর বৈবাহিক সূত্রে প্রাপ্ত ৩৫ ভরি স্বর্ণালংকার আছে। প্রার্থীর নামে অগ্রণী ব্যাংকের ১৪ লাখ ৭৬ হাজার ১৪৮ টাকার এবং পূবালী ব্যাংকের চার লাখ সাত হাজার ৮৪৬ টাকার ঋণ আছে।