ছয় মেয়র প্রার্থীই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীই ব্যবসায়ী। আয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী। আর মামলা ও শিক্ষায় এগিয়ে জামায়াত-সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
মামলা ও শিক্ষাগত যোগ্যতা: আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম এইচএসসি পাস। ওই দলের দুই বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বর্তমান মেয়র সফিউল আলম এবং সিরাজ-উদ-দৌলা ছুট্টু অষ্টম শ্রেণি পাস। বিএনপির প্রার্থী সৈয়দ আবুল মুনছুর ও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নবী ভূঁইয়া স্বশিক্ষিত। এই পাঁচ প্রার্থীর কারও বিরুদ্ধে মামলা নেই। জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী তাওহীদুল হক চৌধুরী স্নাতক পাস। হলফনামায় তিনি তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা উল্লেখ করেছেন আটটি। এর মধ্যে সাতটি মামলা হয়েছিল ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার সময়।
তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, তাওহীদুল হকের বিরুদ্ধে অন্তত ৩২টি মামলা আছে। বেশির ভাগ মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তবে পৌর জামায়াতের আমির তাওহীদুল হক বলেন, তাঁর বিরুদ্ধে মামলা আছে আটটি। এর চেয়ে বেশি মামলা থাকলেও তিনি জানেন না।
আয় ও সম্পদের বিবরণ: বদিউল আলম বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৬৩ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলে তাঁর সম্পত্তি আছে ২১ লাখ ২৮ হাজার ৯৬৪ টাকার। ঋণ আছে ১০ লাখ টাকা।
সফিউল আলমের আয় ২ লাখ ৮০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তি আছে ১৭ লাখ ৯০ হাজার টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে আছে দুটি তিনতলা ও একটি চারতলা বাড়ি।
সিরাজ-উদ-দৌলার আয় ২ লাখ ৮০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তি আছে আছে এক লাখ টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে আছে ১১ শতক জায়গার মধ্যে ৪ শতক জমির ওপর দোতলা ভবন।
সৈয়দ আবুল মুনছুরের আয় ২ লাখ ৭০ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমি আছে ২ একর। আর অকৃষি জমির পরিমাণ ২০ শতক। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে নগদ ১২ লাখ টাকা, সোনা ২০ ভরি, ইলেকট্রনিক ও আসবাব মিলে ১ লাখ ২০ হাজার টাকার।
নুরুন নবী ভূঁইয়ার আয় ২ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি ৭ লাখ ২ হাজার ৫০ টাকা। এ ছাড়া তাঁর কৃষিজমি আছে ১ একর। তাঁর অকৃষি জমি আছে ৬ লাখ ৯৪ হাজার টাকার।
তাওহীদুল হক চৌধুরীর আয় দুই লাখ টাকা। অস্থাবর সম্পত্তি ২ লাখ ৪০ হাজার টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষি জমি আছে ১০ শতক। এ ছাড়া তাঁর একটি সেমিপাকা ঘর ও ২ শতক খালি ভিটি আছে।