ছয় মেয়র প্রার্থীর নামে ২৪ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার নির্বাচনে আট মেয়র পদপ্রার্থীর মধ্যে ছয়জনের নামে খুন-ডাকাতিসহ ২৪টি মামলা রয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। ২৭ জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে এই পৌরসভায় আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ-সমর্থিত সরওয়ার আজম, বিএনপির জেড এম গোলাম মোস্তফা, আওয়ামী লীগের বিদ্রোহী মকছুদ মিয়া, পূর্ণচন্দ্র দে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, সার্জিনা আক্তার, জামালুর আনোয়ার ও মনিরুল ইসলাম। হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সরওয়ার আজমের নামে একটি খুন ও একটি ডাকাতিসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে। মকছুদ মিয়ার নামে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি উচ্চ আদালতে স্থগিত ও অপর চারটি মামলা সরকার কর্তৃক প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ণচন্দ্র দের নামে দুর্নীতি দমন আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে। শামসুল আলমের নামে একটি খুন ও দ্রুত বিচার আইনসহ চারটি মামলা বিচারাধীন আছে। মনিরুল ইসলামের নামে একটি বিশেষ ক্ষমতা আইনে ও দুটি খুনসহ ১০টি মামলা রয়েছে।সরওয়ার আজম বলেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো ঘটনায় আমি জড়িত ছিলাম না। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য প্রতিপক্ষের প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন মামলায় আমাকে অহেতুক আসামি করেছে।’ মকছুদ মিয়া বলেন, ‘জোট সরকারের আমলে আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। কিন্তু আমি কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।’সুশাসনের জন্য নাগরিক—সুজনের মহেশখালী উপজেলার সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, এবারের নির্বাচনে কালো টাকার মালিক, ভূমিদস্যু, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীসহ আলোচিত বিভিন্ন মামলার আসামিরা প্রার্থী হয়েছেন। তাই এঁদের ভোটের মধ্য দিয়ে প্রতিহত করার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে।