ছয় যাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন যাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকা মূল্যের ১২টি সোনার বার উদ্ধার করেছেন বিমানবন্দরে নিয়োজিত শুল্ক কর্মকর্তারা।
গতকাল বুধবার বিকেলে যাত্রীদের তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি উড়োজাহাজের পাঁচজন যাত্রীর কাছ থেকে দুটি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রায় এক ঘণ্টা পর ওমানের মাসকট থেকে আসা আরও একটি উড়োজাহাজের একজন যাত্রীর কাছ থেকে আরও দুটি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিয়ার রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ঘোষণা ছাড়াই সোনার বার নিয়ে আসায় এগুলো জব্দ করা হয়েছে। নিয়মানুযায়ী যাত্রীদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
নিয়মানুযায়ী, একজন যাত্রী ঘোষণা দিয়ে শুল্ককর পরিশোধ করে সর্বোচ্চ ২০০ গ্রাম সোনার বার এবং বিনাশুল্কে ২০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার নিয়ে আসতে পারেন। এর বেশি আনতে হলে বাণিজ্যিক ভিত্তিতে আমদানি করতে হয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।