চট্টগ্রামে যুবলীগের নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলায় যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
যুবলীগের ছয় নেতা-কর্মী হলেন যুবলীগের নেতা খোকন চন্দ্র তাঁতী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, যুবলীগের কর্মী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ সুমন। খোকন চন্দ্র তাঁতী গত বছরের ২৪ জুন রেলওয়ের দরপত্র নিয়ে গোলাগুলিতে নিহতের মামলায় জামিনে বেরিয়ে আসেন ২৪ অক্টোবর।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, যুবলীগের নেতা মুরাদ হত্যা মামলায় খোকন চন্দ্র তাঁতীসহ ছয় আসামি উচ্চ আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে দেন। পরে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।