ছয় র্যাবসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে র্যাবের ছয় সদস্যসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিহত চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা আকতার এ মামলাটি করেন। মহানগর হাকিম মোস্তফা শাহারিয়ার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এমরান হোসাইন সাংবাদিকদের জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামী ২ মে আদেশের জন্য রেখেছেন। মামলা করা হয়েছে র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার ইউনূস আলী, ল্যান্স করপোরাল আল আমিন, মিজানুর রহমান (সিপিস-১) সেপাই বিপুল বিশ্বাস, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন এবং কুমিল্লার তিতাস উপজেলার চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, একই উপজেলার মনির হোসেন ও মো. আবদুল্লাহর বিরুদ্ধে। মামলার আরজিতে বলা হয়, পারভেজ হোসেন সরকার ২০০৯ সালের কুমিল্লা তিতাস উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি দলবল নিয়ে গোমতী নদীর দক্ষিণপাড়ে ভূমিহীনদের নামে বন্দোবস্ত ভূমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে নিজেই সেই ভূমি দখল করেন। এ ক্ষেত্রে জিয়ারকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাধা দেন। এ কারণে তাঁকে চেয়ারম্যান পারভেজ, মনির ও আবদুল্লাহ খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। শফিকুল এ ঘটনা জানিয়ে দাউদকান্দি থানার গৌরীপুর তদন্তকেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। আরজিতে আরও বলা হয়, আসামি আবদুল্লাহ ও অন্য আসামিরা র্যাব-১১-এর ডিএডি ইউনূস আলীর সঙ্গে প্রায়ই গৌরীপুর বাজারে আড্ডা দেন। আরজিতে বলা হয়, র্যাবের সহযোগিতায় ক্রসফায়ারের নামে ৩ এপ্রিল তাঁর স্বামীকে হত্যা করা হয়।