ছয় লাশের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস কারখানার বিধ্বস্ত ভবনে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস কারখানার বিধ্বস্ত ভবনে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডে বিস্ফোরণে নিহত ৩৪ জনের মধ্যে শনাক্ত হওয়া ২৮টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শনাক্ত না হওয়া বাকি ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান সাংবাদিকদের বলেন, যেসব লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর ডিএনএ পরীক্ষা করা হবে।
১০ সেপ্টেম্বর শনিবার টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ধসে পড়ে পাঁচতলা কারখানা ভবন ও পাশের দুটি তিনতলা ভবন। এই কারখানায় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার তৈরি হতো।
ভয়াবহ এই বিস্ফোরণে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৪ জনের। আর নিখোঁজ রয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি ধ্বংসস্তূপ অপসারণ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা শুরু করেন সেনাসদস্যরা। উদ্ধারকাজে সেনাবাহিনীকে সহায়তা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিস্ফোরণের ঘটনায় নিহত একজনের বাবা গত সোমবার রাতে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করা তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। কমিটির প্রধান, ওই প্রতিষ্ঠানের উপপরিচালক বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই মৌখিক নির্দেশ পেয়ে তদন্তকাজ শুরু করা হয়। কারখানার শ্রমিক ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তবে কারখানা ভবনটি এমনভাবে ধসে পড়েছে যে ভেতরে কোন প্ল্যান্ট কোথায় ছিল, কোন সরঞ্জাম ও মালামাল কোথায় কীভাবে মজুত ছিল বোঝার উপায় নেই। আর মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তথ্য সংগ্রহে অসুবিধা হচ্ছে।

বদিউজ্জামান বলেন, ‘তদন্তে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে ১৫ কর্মদিবস। কিন্তু আমাদের আরও সময়ের প্রয়োজন হতে পারে।’

লক্ষাধিক টাকা উদ্ধার: কারখানায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডের লোকজন উদ্ধারকাজ ও ধ্বংসাবশেষ অপসারণ করছেন। গত বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে উদ্ধার হওয়া খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামালের তালিকা করেছে পুলিশ।

ওই দুর্ঘটনায় মামলার বাদী টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত মালামালের জব্দ তালিকা তৈরি করেন। তিনি বলেন, সেখানে উদ্ধার হওয়া অন্য মালামালের মধ্যে ১ লাখ ২ হাজার ৭৫৫ টাকা (অক্ষত) এবং ৭ হাজার টাকার মতো ছেঁড়া-পোড়া টাকাও রয়েছে। এসব মালামাল গাজীপুর সিটি করপোরেশনের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ মালামালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ ছাড়া গতকাল দুপুর পর্যন্ত ৮০০ টনের মতো ধ্বংসাবশেষ ও ৮০টি খালি কেমিক্যাল ড্রাম অপসারণ করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত আর কোনো লাশ উদ্ধার হয়নি।

পাঁচ দিন পর তিতাসের তদন্ত কমিটি গঠন: কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নি বিস্ফোরণ এবং এ থেকে হতাহতের ঘটনার কথা আলোচনায় আসার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মির্জাপুরের জহিরুলের খোঁজ মিলছে না: মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ‘এখনো বেতন পাই নাই মা। দুইটা পর্যন্ত ডিউটির পর বেতন দিব। বেতন হাতে পাইলে কিছু কেনাকাটা কইর‍্যা আগামীকাল ভোরে বাড়ি আসুম। বাড়ির সদাইপাতি করুম। কোনো চিন্তা কইরো না।’

১০ সেপ্টেম্বর টঙ্গীতে বোনের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার আগে মায়ের সঙ্গে মুঠোফোনে এসব কথা বলেছিলেন জহিরুল ইসলাম। তিনি টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের সহকারী অপারেটর ছিলেন। ১০ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন। এরপর থেকে জহিরুলের খোঁজ মিলছে না।

জহিরুলের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামে। গত বৃহস্পতিবার উফুল্কীতে তাঁর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের ঘর তালাবদ্ধ। পাশেই তাঁর চাচা হাবেল মিয়ার ঘর।

মায়ের সঙ্গে জহিরুলের মুঠোফোনে শেষ কথাবার্তার এ তথ্য হাবেল মিয়া প্রথম আলোকে জানান। তিনি বলেন, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জহিরুল দ্বিতীয়। একটুকরো ভিটে ছাড়া তাঁদের জমিজমা নেই। প্রায় তিন বছর আগে জহিরুলের বাবা মারা যান। এরপর তিনি ওই কারখানায় চাকরি নেন।