ছয় শতাধিক টন জ্বালানি তেল নিয়ে মেঘনায় জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ৬১৩ টন জ্বালানি তেল নিয়ে বরিশাল যাওয়ার পথে মেঘনা নদীতে এমভি মেহের নামে একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। এমভি ফজলুল হক নামে আরেকটি জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজে অবস্থানরত ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার করা হলেও ইঞ্জিনচালক নিজাম নিখোঁজ রয়েছেন। পুলিশ এমভি ফজলুল হক নামে জাহাজটি জব্দ ও দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান শনাক্ত করে টাগবোটের মাধ্যমে জাহাজটির উদ্ধারপ্রক্রিয়া শুরু করা হয়েছে। যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা, স্থানীয় লোকজন, পুলিশ ও বিআইডব্লিউটিএ সূত্রে এসব কথা জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সকালে পতেঙ্গা ডিপো থেকে পেট্রল ও ডিজেল নিয়ে বরিশাল ডিপোর উদ্দেশে যাত্রা করে এমভি মেহের। মেঘনা নদী দিয়ে যাওয়ার পথে রাতে ভোলা সদর উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের নদীতে বিলীন হয়ে যাওয়া চর সীতারাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এমনটাই দাবি করেছেন।যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক মঞ্জুরুর রহমান বলেন, ট্যাংকারে তেল রাখার পর সেটির মুখ ভালোভাবে আটকে দেওয়া হয়েছে। কাজেই জাহাজে জ্বালানি তেল অক্ষত থাকতে পারে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, পানির চেয়ে তেল হালকা। তাই কোনো ছিদ্র হলেই সেটি দিয়ে তেল বের হয়ে নদীতে ছড়িয়ে পড়তে পারে। যমুনা অয়েলের কর্মকর্তারা জানান, জাহাজে থাকা জ্বালানি তেলের মধ্যে ৪৭২ টন ডিজেল ও ১৪১ টন পেট্রল। ডিপোতে এ তেলের দাম পাঁচ কোটি সাত লাখ টাকা। এর মধ্যে ডিজেলের দাম তিন কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা ও পেট্রলের দাম এক কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকা। যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) মঞ্জুরুর রহমান জানান, টাগবোটের মাধ্যমে উদ্ধারপ্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি একটি খালি জাহাজও সেখানে পাঠানো হয়েছে। সম্ভব হলে ডুবে যাওয়া জাহাজটি উপকূলের কাছে টেনে এনে সেখানকার ট্যাংকারের তেল ওই খালি জাহাজে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, ‘কাগজপত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি জাহাজের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’ জাহাজের মালিক প্রতিষ্ঠান কোরাল শিপিং লাইনসের মহাব্যবস্থাপক উত্তম কুমার দাশ বলেন, ‘যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। ফলে জাহাজটি কী অবস্থায় আছে, তা আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছি না।’ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা সোহরাব আলী প্রথম আলোকে বলেন, যে স্থানে জাহাজটি ডুবেছে, সে স্থানটি দাবি করছে মেহেন্দীগঞ্জ। তবে রাজাপুর ইউনিয়নের লোকজন বলছেন, স্থানটি এক সময় রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চর সীতারামের অংশ রংপুর বাজার। জাহাজটি ওপর থেকে দেখাও যাচ্ছে না, তাই সঠিক বলাও যাচ্ছে না কোন উপজেলায়। তবে মেহেন্দীগঞ্জ থানা এমভি মেহেরকে ধাক্কার দায়ে দুজনকে আটকসহ এমভি ফজলুল হক জাহাজটি জব্দ করেছে। বিআইডব্ল্লিউটিএর সহকারী পরিচালক এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মালিকপক্ষের লোকজন পাম্পিং করে তেল উত্তোলনের প্রক্রিয়া হাতে নিয়েছে, আমাদের ডুবুরিরা তাদের সহায়তা করবে।’ প্রতিবেদনের তথ্যগুলো পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং বরিশাল ও ভোলা অফিস।