বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিচালিত নীলফামারী জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলটি ২০১১ সালের ১ আগস্ট থেকে বন্ধ রয়েছে। এতে মিলের ছয় শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অথচ মিলটি রক্ষণাবেক্ষণে সরকারের প্রতি মাসে প্রায় তিন লাখ টাকা ব্যয় হচ্ছে। ১৬ এপ্রিল সকালে সরেজমিনে দেখা গেছে, মিলের মূল ফটকে ও ভেতরে কারখানার গেটে একজন করে নিরাপত্তা প্রহরী পাহারা দিচ্ছেন। চারদিকে সুনসান নীরবতা।মিল সূত্রে জানা গেছে, ১৯৭৮-৭৯ সালে ১০৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই মিলটি ১৯৮০ সালের ২৫ মে চালু হয়। ৫৮টি রিং ফ্রেম ও ২৫ হাজার স্পেন্ডেলের (মাকু) এই মিলে ৬২৯ জন শ্রমিক তিন পালায় কাজ করতেন। লোকসান হওয়ায় মিলটি ১৯৯৮ সালের ২৩ আগস্ট থেকে সার্ভিস চার্জের ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ছেড়ে দেওয়া হয়। তখন থেকে মিলের ওই শ্রমিকেরা বেসরকারি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন নতুন যন্ত্র স্থাপন করে চালানো গেলে মিলটি আগের অবস্থায় ফিরে যেতে পারবে। তাতে এলাকার বেকার সমস্যার অনেকটা সমাধান হবে। দারোয়ানী বাজারের কাপড় ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, মিলটি বন্ধ হওয়ার পর থেকে দারোয়ানী বাজারে বেচাকেনা অনেক কমে গেছে। মিলটিকে কেন্দ্র করে শুধু ওই শ্রমিকেরাই নন, আরও দুই-তিন হাজার মানুষ নানাভাবে উপকৃত হতেন। মিলের সাবেক শ্রমিক আতিয়ার রহমান (৪০) বলেন, ‘অন্য কোনো কাজ জানি না, সংসারে অভাব। তাই বাধ্য হয়ে হোটেলে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করছি। এতে পরিশ্রম বেশি, কিন্তু আয় কম।’ মিলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোজাফ্ফর হোসেন বলেন, মিলটি এত দিন সার্ভিস চার্জের ভিত্তিতে চলত। কিন্তু যন্ত্রগুলো পুরোনো হওয়ায় উৎপাদন ক্ষমতা কমেছে। এ কারণে কেউ চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি জানান, মিলের সব অবকাঠামো রয়েছে, মিলটি বন্ধ থাকলেও এর যন্ত্রপাতি ও স্থাপনা রক্ষণাবেক্ষণে ২৪ জন আনসার, চতুর্থ শ্রেণীর চারজন কর্মচারী, নিয়মিত দুজন কর্মচারী, নিয়মিত তিনজন কর্মকর্তা কর্মরত আছেন। প্রতি মাসে তাঁদের বেতন-ভাতায় ব্যয় হয় দুই লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ৬৮ হাজার টাকা। নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, মিলটিতে এখন সরকারকে টাকা গচ্ছা দিতে হচ্ছে। সেখানে বিসিক শিল্পনগরী অথবা শিল্পপার্ক গড়ে তোলা গেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন, কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।