ছয় শয্যা দিয়ে ছয় দশক পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গর্ভবতী মা এবং শিশুদের প্রয়োজনীয় সেবাদানের জন্য ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় ‘মা ও শিশুকল্যাণকেন্দ্র’। কিন্তু ৬৩ বছরে ছয় শয্যার এই প্রতিষ্ঠানে রোগীর সংখ্যা বাড়লেও শয্যাসংখ্যা বাড়েনি।
শয্যা বাড়ানোসহ একটি ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণকেন্দ্র সূত্রে জানা গেছে, পৌর শহরের ডি এস রোডে অবস্থিত এ প্রতিষ্ঠানটিতে পৌরসভার তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া হয়। শুরু থেকেই একটি টিনশেড ঘরে সেবা কার্যক্রম চলছে। জেলা শহর ও জেলার প্রত্যন্ত অঞ্চলের স্বল্প আয়ের পরিবারের গর্ভবতী মা এবং শিশুরাই এখানে সেবা নিতে আসে বেশি। বর্তমানে প্রতিদিন বহির্বিভাগে ৪০ জন নবজাতক শিশুর সেবা দেওয়া হয়। এ ছাড়া প্রতি মাসে ১০ থেকে ১৫ জন গর্ভবতী মায়ের অস্ত্রোপচার হয়। স্বাভাবিক প্রসব হয় ৫০ থেকে ৭০ জনের। অনেক সময় রোগী বেশি হলে মেঝেতে থেকেই সেবা নিতে হচ্ছে তাঁদের। এ ছাড়া অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় পর্যন্ত প্রসূতি মাকে নিবিড় পরিচর্যাকক্ষে রাখার কথা থাকলেও এখানে সে রকম কোনো কক্ষ নেই। বর্তমানে এখানে দুজন চিকিৎসক, সাতজন সেবিকাসহ প্রয়োজনীয় কর্মচারী আছেন। এর বাইরে এখানে নারী-পুরুষ বন্ধ্যাকরণ ও টিকাদান কার্যক্রম চলছে।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায় জানান, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্তান প্রসবের জন্য একজন মায়ের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এই ব্যয় বহন করা সবার পক্ষে সম্ভব নয়। এ কারণে মা ও শিশুকল্যাণকেন্দ্রে মানুষের ভিড় থাকে বেশি।
কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জসিম উদ্দিন খান জানান, এটিকে ২০ শয্যায় উন্নীত করাসহ একটি ভবন নির্মাণের জন্য ছয় বছর ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আমি জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়ে কয়েকবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মা ও শিশুকল্যাণকেন্দ্রের শয্যা বৃদ্ধি এবং একটি ভবন নির্মাণের বিষয় নিয়েও কথা বলব।’