ছয় শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কমিটি অনুমতি ছাড়া দীর্ঘদিন ছুটিতে আছেন এমন ছয়জন শিক্ষককে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে। গতকাল বুধবার কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেটের সভায় এই সুপারিশ উত্থাপন করা হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মন্ময় জাফর, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ সৈয়দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুুদুর রহমান ভূঁইয়া ও জাহিদ হাসান চৌধুরী—এই ছয়জন শিক্ষকের চাকরিচ্যুতির সুপারিশ করেছে স্থায়ী কমিটি।গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতজন শিক্ষকের বিষয়ে আলোচনা হয়। সোয়া এক ঘণ্টার আলোচনা শেষে ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে আরেফিন সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এই শিক্ষকেরা ছুটিতে আছেন। বারবার তাগাদা দেওয়ার পরও তাঁরা চাকরিতে যোগ দেননি। তাই তাঁদের চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। উপাচার্য বলেন, সিন্ডিকেট তিন-চার দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কাগজপত্রে দেখা যায়, ছয় শিক্ষকের মধ্যে বেশি দিন ছুটিতে আছেন মন্ময় জাফর। অস্ট্রেলিয়ায় এমএ ডিগ্রি এবং ইংল্যান্ডে ডিফিল ডিগ্রি করার জন্য কয়েক দফায় তিনি মোট নয় বছর এক মাস দুই দিন ছুটি ভোগ করেন। এ বছর ১ মে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিতে যোগদানের জন্য অনুরোধ করে তিনবার চিঠি দিয়েছে। কিন্তু তিনি উত্তর দেননি।এ এফ এম মফিজুল ইসলামের পাঁচ বছরের ছুটি শেষ হয়েছে গত অক্টোবরে। তাঁকে কাজে যোগদানের অনুরোধ জানিয়ে একইভাবে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের কাছে তথ্য আছে, তিনি এখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাকি চার শিক্ষকের ছুটির মেয়াদও শেষ হয়েছে। কর্তৃপক্ষ প্রত্যেককেই কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে, কিন্তু কোনো সাড়া পায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, শিক্ষকের ছুটি শেষ হলে প্রথমে তাঁকে ‘অনতিবিলম্বে কাজে যোগ দেওয়ার’ অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। যোগদান না করলে ‘আজ থেকে ছুটি বৃদ্ধি করা হবে না’ এই মর্মে দ্বিতীয় চিঠি পাঠানো হয়। সর্বশেষ বা তৃতীয় চিঠিতে সময় নির্দিষ্ট করে কাজে যোগ দিতে বলা হয়। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়। এ বছর ২৫ এপ্রিল একই কারণে পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তাঁরা হলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এরশাদুল বারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতাউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুর রহমান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. হামিদ উদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুল হুদা।