ছয় শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থীর বহিষ্কারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে কিছুসংখ্যক শিক্ষার্থী পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন। তাঁদের বাধা উপেক্ষা করে কোনো কোনো বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেন ও পরীক্ষায় অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবনের সামনে অনশন ও বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে তাঁরা আন্দোলনকারীদের বাধার মুখে ফিরে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য শিক্ষকদের নিয়ে সকাল পৌনে ১০টায় বৈঠকে বসেন। সোয়া ১০টার দিকে বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী দল বেঁধে পরীক্ষা দিতে হলে প্রবেশ করেন। এরপর তাঁরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন।সাংবাদিক পেটানোর ঘটনায় শাস্তি পাওয়া আবদুল্লাহ আল মাসুম দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্ত ছাড়াই এ শাস্তি দিয়েছে। ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ শাস্তি দেওয়া হয়।উপাচার্য এম সবদার আলী বলেন, ‘কোনোভাবেই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। শাস্তি পাওয়া শিক্ষার্থীরা আপিলের আবেদন করেছে। এ ব্যাপারে ৫ এপ্রিলের সভায় সিদ্ধান্ত হবে।’