ছয় শিশুকে অভিভাবকের জিম্মায় দিলেন আদালত
আটক অবস্থা থেকে মুক্ত হওয়ার পথে ছয় শিশু। কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক ওই শিশুদের অভিভাবকদের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মানবাধিকার সংগঠন ব্লাস্টের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন সোমবার এই আদেশ দেন।
ওই আদালতের পেশকার কাজী মোহাম্মদ নূর আলম প্রথম আলোকে বলেন, কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক এসব শিশুদের অভিভাবকেরা আদালতে হাজির হয়ে জিম্মায় নেওয়ার আবেদন করেন। আদালত তাদের ওই আবেদন মঞ্জুর করেন। ওই ছয় শিশুরা হলো, শফিকুল ইসলাম(১৩), রাকিবুল ইসলাম (১৪), হাসেম আলী লিমন (১৩), মো. শামীম হোসেন (১৬), মো. সজীব (১৪) ও মজিবুর রহমান (১৬)।
নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই শিশুদের ভবঘুরে হিসেবে আটক করে পুলিশ। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান।
আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই শিশুরা রাজধানীর বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে দিন কাটায়। এদের স্থায়ী ঠিকানা নেই, অভিভাবক নেই। খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। তাই তাদের নিরাপদ হেফাজতে রাখা দরকার।
ছয় শিশুর মধ্যে গত বছরের ১২ আগস্ট থেকে আটক আছে হাসেম। আর ২৩ সেপ্টেম্বর থেকে আটক রয়েছে শামীম। আজ সোমবার আদালতে হাজির ছিলেন শামীমের মা সাহিদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, আমার ছেলে ঢাকায় এসেছিল তার বড় ভাইয়ের কাছে। কিন্তু তাকে খুঁজে পায়নি। পরে পুলিশ যাত্রাবাড়ী থেকে তাকে আটক করে। আটকের প্রায় তিন মাস পর্যন্ত আমার ছেলের খোঁজ জানতাম না। পরে খোঁজ পেয়ে আজ আদালতে এসেছি।
জানতে চাইলে ব্লাস্টের আইনজীবী এ এম জামিউল হক প্রথম আলোকে বলেন, এই শিশুরা দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক ছিল। পরে এদের অভিভাবকদের খুঁজে বের করে তাদের জিম্মায় দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আদালতে জিম্মানামাও জমা দিয়েছি। আশা করি, দুই-একদিনের মধ্যে শিশুরা কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ছাড়া পাবে।