প্রায় কাছাকাছি বয়সের ছয়টি শিশু দুরন্তপনায় ব্যস্ত। নাম কী—জানতে চাইলে একজন উত্তর দেয়, ‘নাম দিয়া কী করবা।’ আবার ছোটাছুটি। আবার কাছে গিয়ে অন্য একজনের কাছে মা-বাবার কথা জানতে চাইতেই, সে প্রথমে চুপ করে গেল। পরক্ষণেই সটান উত্তর দিল, ‘মা নাই, বাবাও নাই।’একসময়ে তুমুল আলোচিত পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমান এই ছয় শিশুকে তাঁদের সন্তান বলে দাবি করেছিলেন। এরা ছিল সাতজন।এই শিশুদের বর্তমান বয়স সাত থেকে সাড়ে সাত বছরের মধ্যে। গতকাল বৃহস্পতিবার এদের সঙ্গে কথা হয় আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) কার্যালয়ে। এই শিশুরা ২০০৮ সালের আগস্ট থেকে আদালতের নির্দেশে এ সমিতির জিম্মায় আছে। ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত এরা সমিতির জিম্মায় থাকবে। সাত শিশুর মধ্যে সমিতির জিম্মায় আসার পর ডেঙ্গুতে এক শিশু মারা গেছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে ডিআইজির সাত শিশুকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই শিশুরা সবার মনোযোগ কাড়ে। ডিআইজি ও তাঁর স্ত্রী এই সাত শিশু তাঁদের সন্তান এবং তারা একসঙ্গে জন্ম নিয়েছে বলেও দাবি করেন। পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় এই শিশুরা একে অন্যের ভাই-বোন নয়, তা প্রমাণিত হয়। তখন শিশুদের নিরাপত্তার জন্য আদালত তাদের সমিতির জিম্মায় দেয়। এই শিশুদের সমিতির নেটওয়ার্কভুক্ত একটি সংগঠনের হোস্টেলে রাখা হয়েছে।গতকাল প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে অনুরোধে সেই হোস্টেল থেকে শিশুদের সমিতির কার্যালয়ে আনা হয়।গত বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান শিশু পাচারের উদ্দেশ্যে এই শিশুদের অবৈধভাবে রাখার অপরাধে আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০০৬ সালে শিশু পাচার ও অবৈধভাবে শিশুদের নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মানবাধিকারকর্মী এলিনা খান রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করেন।সালমা আলী বলেন, এই শিশুদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এরা বড় হচ্ছে। এদের খুব ভালো পরিবেশে রাখা প্রয়োজন। শিশুর জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে পরিবার। এই শিশুদের যদি কেউ নিতে চায়, সে ধরনের কারও জিম্মায় দেওয়া যায় কি না—সে বিষয়ে আদালতের অনুমতি নেওয়ার চেষ্টা করবে সমিতি।বিএনডব্লিউএলএর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাজমা সুলতানা প্রথম আলোকে বলেন, এই শিশুরা যে হোস্টেলে থাকছে, সেখানেই পড়াশোনা করছে। এরা আনুমানিক দুই থেকে আড়াই বছর বয়সে সমিতির জিম্মায় আসে। তারাও কখনো তাদের বাবা-মা সম্পর্কে জানতে চায় না, সমিতির পক্ষ থেকেও এ নিয়ে কথা বলা হয় না। দুরন্ত শিশুদের একজন বলল, সে বড় হয়ে চার চাকা গাড়ির পাইলট হবে। একজন খানিকটা গম্ভীর গলায় জানাল, সে বড় হয়ে কিছু হতে চায় না। আরেকজন গান শুরু করল, ‘আমরা করব জয় এক দিন...’।