ছয় শুল্ক বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালফার-জটিলতায় সিলেট ও সুনামগঞ্জের ছয়টি শুল্ক বন্দর দিয়ে গত বৃহস্পতিবার থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এতে ভারতে আটকা পড়েছে আমদানিকারকদের বিপুল পরিমাণ কয়লা। বেকার হয়ে পড়েছেন বন্দরগুলোর কয়েক হাজার শ্রমিক।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে যে কয়লা আমদানি হয় তাতে এক শতাংশের ওপরে সালফার থাকে। পরিবেশ অধিদপ্তরের আপত্তির মুখে এক শতাংশের বেশি সালফারযুক্ত কয়লা আমদানির ওপর ২০০৫ সালে নিষেধাজ্ঞা জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। কিছুদিন পর ওই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। পরের অর্থবছরের জুলাই মাসের শুরু থেকে আবার নিষেধাজ্ঞা বলবৎ হয়। এভাবে প্রতি অর্থবছর নিষেধাজ্ঞা স্থগিত ও বজায় থাকে। এতে প্রতিবছরের জুলাই মাসে কিছুদিনের জন্য কয়লা আমদানি বন্ধ থাকে। সর্বশেষ ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ ছিল। যে কারণে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সিলেটের তামাবিল, শেওলা ও সুতারকান্দি এবং সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক বন্দর দিয়ে এক শতাংশের বেশি সালফারযুক্ত কয়লা আমদানির কার্যক্রম বন্ধ হয়ে যায়।সুনামগঞ্জের কয়লা আমদানিকারকেরা জানান, আমদানি বন্ধ হওয়ায় ঋণপত্রের (এলসি) বিপরীতে ভারতে প্রায় ২৫ হাজার মেট্রিক টন কয়লা আটকা পড়েছে। কয়লা বোঝাই শত শত ট্রাক রয়েছে সীমান্তের ওপারে।ব্যবসায়ীদের দাবি, একই মানের কয়লা ভারতের মেঘালয় ও আসামসহ বিভিন্ন রাজ্যে ব্যবহূত হচ্ছে। বাংলাদেশে সালফার-জটিলতার কারণ দেখিয়ে বারবার আমদানি বন্ধ করে দেওয়ায় রপ্তানিকারকেরা বাংলাদেশে কয়লা আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। বছর বছর বন্ধ না করে আমদানিকারকেরা এর একটি স্থায়ী সমাধান চাইছেন। এ অবস্থা চললে ভারতই এক সময় বাংলাদেশে কয়লা রপ্তানি বন্ধ করে দিতে পারে বলে তাঁদের আশঙ্কা। তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাবেক সভাপতি শামসুল হক জানান, কয়লা আমদানির জন্য তাঁরা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এখন আমদানি বন্ধ হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক বন্দরের তত্ত্বাবধায়ক আবু লেইছ প্রথম আলোকে বলেন, ‘গত অর্থবছর সুনামগঞ্জের তিনটি স্টেশন থেকে সরকার ৬৩ কোটি টাকা রাজস্ব পেয়েছে। বারবার পরিবেশের দোহাই দিয়ে এভাবে আমদানি বন্ধ করলে আমাদেরই ক্ষতি হবে। এমনিতেই দেশে জ্বালানিসংকট প্রকট। তাই নিষেধাজ্ঞার আদেশটি স্থায়ীভাবে স্থগিত করা উচিত।’