ছয় সচিবকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত হাইকোর্টের রায় এবং আইন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য ছয় সচিবের প্রতি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। নোটিশে ৩০ দিনের মধ্যে আদালতের রায় ও সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার ডাকযোগে ছয় সচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান। তাঁরা হলেন: মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও অর্থসচিব।গত বছর ১৫ জুন হাইকোর্ট এক রায়ে বিচারপতিদের বেতন-ভাতার বিষয়ে আইন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে বলেন। হাইকোর্ট রায় দেওয়ার পর আট মাস চলে গেলেও তা বাস্তবায়ন হয়নি বলে নোটিশে বলা হয়। কমিটির সুপারিশে প্রধান বিচারপতির পারিতোষিক এক লাখ টাকা, আপিল বিভাগের বিচারপতির জন্য ৯০ হাজার টাকা ও হাইকোর্ট বিভাগের বিচারপতির জন্য ৮০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। একই সঙ্গে অন্যান্য বিশেষ সুবিধাও বাড়ানোর কথা সুপারিশে বলা হয়।