চট্টগ্রামের সীতাকুণ্ডের তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয়জন সদস্য প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এতে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাওয়া প্রার্থীরা হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের মো. মোমিন, ৮ নম্বর ওয়ার্ডের মো. দিদারুল আলম এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আলেয়া বেগম; মুরাদপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জিন্নাত রেহানা এবং বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন।
বারৈয়ারঢালা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেতু ভূষণ দাশ এবং মুরাদপুর ও বাড়বকুণ্ড ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস হাসান প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাইয়ে ওই ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে এবং তাঁরা যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে ১৪ মার্চ তাঁদের বিজয়ী ঘোষণা করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, আজ শনি ও কাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।