ছয় সপ্তাহ খোলা থাকবে মৌচাক মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌচাক মার্কেট আগামী ছয় সপ্তাহ খোলা রাখা যাবে। তবে দোকান খোলা রাখার দায়দায়িত্ব দোকানমালিকদের ওপরই থাকবে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।
মৌচাক মার্কেট বণিক সমিতি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল চেম্বার আদালতে এক আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিনউদ্দিন ও শেখ ফজলে নূর তাপস।
এদিকে মৌচাক মার্কেট বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের ভাষ্য, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সামনে রেখে আদালতের এই আদেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত সোমবার মৌচাক মার্কেট বন্ধের নির্দেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুপারিশ অনুযায়ী সংস্কারের পর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত মার্কেটের দোকানপাট বন্ধ রাখতে হবে।
আদালতের এমন আদেশের পর মৌচাক মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এই মার্কেটে বিভিন্ন ধরনের ৫০০ দোকান আছে। ঈদুল ফিতর উপলক্ষে সব দোকানিই বেশি করে মালামাল কিনে রেখেছেন। অনেকে ব্যবসায়ী করেছেন ঋণ। মার্কেট বন্ধ হয়ে গেলে এসব মালামাল বিক্রি করা নিয়ে তাঁদের মধ্যে ছিল সংশয়। গতকাল দুপুর ১২টায় ওই মার্কেটে গিয়ে দেখা যায়, পাঁচতলা মার্কেটটির প্রতিটি দোকান মালামালে ভরা। কিন্তু ব্যবসায়ীদের চোখেমুখে সংশয়। আদালতের আদেশ নিয়ে দোকানিরা একে অপরের সঙ্গে আলাপ করছেন। বণিক সমিতির কার্যালয়েও দোকানিরা ভিড় জমাচ্ছেন।
মার্কেটের মোইক শাড়ির দোকানের মালিক এমদাদ উল্লাহ খান বলেন, ঈদ সামনে রেখে অনেক ব্যবসায়ীই ঋণ করে দোকানে মালামাল উঠিয়েছেন। কিন্তু এই সময় মার্কেট বন্ধ করে দিলে ব্যবসায়ীরা খুব বিপাকে পড়বেন।
মৌচাক মার্কেট বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুল রহমান বলেন, মার্কেটের ৫০০ দোকানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষের জীবিকা জড়িত। এই সময়ে মার্কেটটি সংস্কারের নামে বন্ধ করে দিলে সবাইকে পথে বসতে হবে।
মৌচাক মার্কেটের ভবনটি নিয়ে বুয়েটের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২ মে রাজউক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। এতে ভবনটির ঝুঁকির কথা জানিয়ে ভবনটি সংস্কার করতে বলা হয়। পরে রাজউকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ভবনমালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে রিট আবেদন করেন।