নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর আইনজীবীরা বলেছেন, এ আদেশের ফলে মির্জা ফখরুলের কারামুক্তিতে আইনি বাধা নেই। তিনি চাইলে এ সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল দ্বিতীয় দফায় মির্জা ফখরুলের শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে আদালতের নির্দেশ অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ফখরুলের শারীরিক পরীক্ষা করে। মেডিকেল বোর্ডের প্রতিবেদন দেখে গতকাল আদেশ দেন আদালত।
আদেশে বলা হয়, মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুসারে মির্জা ফখরুলের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও তিনি গুরুতর স্টেনোসিসে (রক্তনালি সংকুচিত হয়ে যাওয়া) আক্রান্ত। এ জন্য তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। মির্জা ফখরুলকে দেওয়া জামিন শারীরিক কারণে ছয় সপ্তাহের জন্য বহাল রাখা হলো। এ সময়ের মধ্যে তিনি চাইলে উন্নত চিকিৎসা নিতে পারবেন। তবে ছয় সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আদেশের পর মির্জা ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এ সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন মির্জা ফখরুল। চিকিৎসার জন্য এর চেয়ে বেশি সময় দরকার হলে পরে জামিনের সময় বাড়ানোর আবেদন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত মির্জা ফখরুলের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে সরকার ইচ্ছা করলে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে।
জামিনে মুক্তি পেলে মির্জা ফখরুল রাজনৈতিক কর্মসূচিতে থাকতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ‘আদালত পুরোপুরি স্বাস্থ্যগত কারণে মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন। তিনি চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। আমার ধারণা, এ সময়ের মধ্যে চিকিৎসা করানো ছাড়া তাঁর অন্য কিছু করার সুযোগ নেই।’
২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ বছরের ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবকটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
এসব মামলার মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ইতিমধ্যে বহাল রাখেন আপিল বিভাগ। পল্টন থানার আরও তিন মামলায় হাইকোর্টের দেওয়া জামিন গতকাল ছয় সপ্তাহের জন্য বহাল রাখলেন আপিল বিভাগ। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।