ছয় সপ্তাহের মধ্যে মূল্যায়ন প্রতিবেদন সরকারকে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানি রবি ও এয়ারটেল একীভূত হওয়ার বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। 

আদেশ অনুযায়ী, বিটিআরসিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে রবি-এয়ারটেলের মূল্যায়ন প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। আর বিটিআরসির এই প্রতিবেদন পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
রবি-এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনের ওপর স্থগিতাদেশ চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (ক্যাবের) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। সে আবেদনটি নিষ্পত্তি করে আদালত আরও বলেন, একীভূতকরণের বিষয়ে বিটিআরসি যে গণশুনানি করবে সেটিতে ক্যাবের আবেদনটি যেন বিবেচনা করা হয়।
শুনানিতে অংশ নেওয়া রবি-এয়ারটেলের আইনজীবী তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, আদালত সব দিক বিবেচনা করে যে রায় দিয়েছেন, সেটি টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক হবে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার আবেদন জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে রবি-এয়ারটেল। বিটিআরসি সেই আবদনে প্রাথমিক সম্মতি দিলেও এখন আবেদনটির বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করছে। এ দুটি মুঠোফোন কোম্পানির একীভূত হওয়ার আর্থসামাজিক প্রভাব নিয়ে সমীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষককে চূড়ান্ত করেছে বিটিআরসি।
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, আদালত যে সময় বেঁধে দিয়েছেন তার মধ্যেই সব কাজ শেষ করা যাবে।
বিটিআরসির কাছে দেওয়া রবি-এয়ারটেলের আবেদন অনুযায়ী, একীভূত কোম্পানিতে রবির ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ মালিকানা থাকবে। রবির ৭৫ শতাংশ শেয়ারের মধ্যে ৭০ শতাংশ শেয়ার মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদের কাছে থাকবে আর পাঁচ শতাংশ জাপানের এনটিটি ডোকোমোর কাছে থাকবে। বর্তমানে রবির ৯১ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক আজিয়াটা গ্রুপ আর ৮ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক এনটিটি ডোকোমো। এয়ারটেল বাংলাদেশের ১০০ শতাংশ শেয়ারের মালিক ভারতের এয়ারটেল।