ছয় সুবিধায় পিছিয়ে তিন কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, বাসস্থান, আয়, পানি ও স্যানিটেশন, ভূমির প্রাপ্যতা—এসব অধিকারের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তত ৩ কোটি মানুষ এখনো অনেক পিছিয়ে। সরকার দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষার জন্য যেসব সুযোগ দিয়েছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রেও পিছিয়ে প্রান্তিক মানুষ। তারা সামাজিক বঞ্চনা ও নিগ্রহেরও শিকার।
পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ, দলিত, জেলে, ধর্মীয় সংখ্যালঘু, যৌনকর্মী ও প্রতিবন্ধী—এই সাত ধরনের প্রান্তিক গোষ্ঠীর ওপর পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। অধিকারহীনতার পাশাপাশি এই সাত গোষ্ঠীর মধ্যে ধর্মীয় সংখ্যালঘু ও দলিতদের নিরাপত্তাহীনতা ও ভীতি সবচেয়ে বেশি।
‘বাংলাদেশে প্রান্তিক জাতিগোষ্ঠীর মানুষের অবস্থা’ শীর্ষক গবেষণাটি হয় ২০১৬ সালের ডিসেম্বরে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই গবেষণা করে। আজ বৃহস্পতিবার রাজধানীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।
গবেষণায় দেশের ১৭টি জেলার ২ হাজার পরিবারের ওপর জরিপ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, খানা আয়-ব্যয় জরিপ (২০১০) অনুযায়ী, জাতীয় পর্যায়ে দেশের সাক্ষরতার হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। আর প্রান্তিক জাতিগোষ্ঠীর মধ্যে এই হার ২৮ দশমিক ৪০ শতাংশ। স্যানিটেশনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সুবিধা পায় ৬০ দশমিক ৬ শতাংশ মানুষ, যা প্রান্তিক জাতির মানুষের ক্ষেত্রে মাত্র ২৪ দশমিক ৫ শতাংশ। দেশের ১৯ দশমিক ৮০ শতাংশ মানুষ চরম ভূমিহীন। প্রান্তিক জাতিগোষ্ঠীর মধ্যে এই সংখ্যা দ্বিগুণ, ৩৮ দশমিক ৭২ শতাংশ।
এমজেএফের এই গবেষণার নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মো. সেলিম আহমেদ পারভেজ। তিনি বলেন, ছয় ধরনের সুবিধার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ পিছিয়ে আছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী (২০১৬), বাংলাদেশে পরিবারপ্রতি মাসিক আয় ১০ হাজার ৩৮৭ টাকা। প্রান্তিক গোষ্ঠীর মানুষের আয় ৭ হাজার ৭৬১ টাকা।
এখন সরকারের ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ১৪৫টি সামাজিক সুরক্ষা প্রকল্প চলছে। এমজেএফের গবেষণায় দেখানো হয়েছে, প্রান্তিক গোষ্ঠীর ৮৯ শতাংশ মানুষ এসব প্রকল্পের সুবিধা পায় না। এদের মধ্যে যৌনকর্মীদের ৯৯ শতাংশই এই সুবিধা পান না। এরপরই আছে দলিতরা। পরিচ্ছন্নতাকর্মী, ঋষি, চা-বাগানের শ্রমিকসহ বিভিন্ন গোষ্ঠীর মানুষ দলিত সম্প্রদায়ের। জরিপে তাঁদের ৬৭ শতাংশই বলেছেন, পেশাগত পরিচয় ও জন্ম পরিচয়ের কারণে এবং আর্থিক দুর্নীতির জন্য তাঁদের এসব সুবিধায় উপকারভোগী নির্বাচন করা হয় না।
বাংলাদেশ দলিত পরিষদের সমন্বয়ক বিকাশ কুমার দাশ বলেন, সামাজিক অস্পৃশ্যতার জন্য দলিত মানুষ সরকারি নানা সুযোগ থেকে বঞ্চিত হয়। এমনও দেখা গেছে, দলিতদের জন্য সরকারের কর্মসূচিতে দলিত নয়, রাজনৈতিক সুবিধাভোগীরা সুযোগ পেয়েছে।
প্রান্তিক গোষ্ঠীর মানুষের পিছিয়ে থাকার কারণ হিসেবে জাতীয় পর্যায়ে ‘নীতি উপলব্ধির ঘাটতিকে’ চিহ্নিত করেছেন গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এই অর্থনীতিবিদ বলেন, দারিদ্র্য বিমোচনে এখন প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিতে হবে। এ ক্ষেত্রে তাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাকে মাথায় নিতে হবে সরকারকে।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান স্বীকার করেন, উন্নয়ন পরিকল্পনাবিদদের ঝোঁক শহরের দিকে। আর প্রান্তিক মানুষ যেহেতু গ্রামেই বেশি থাকে, তারা উন্নয়ন চিন্তায় কমই আসে। প্রতিমন্ত্রী বলেন, ‘এসব মানুষের উন্নয়নে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। তবে তা পরিপূর্ণ নয়। এই অচলায়তন সহজে ভাঙবে না।’