ছয় স্কুলছাত্রীর ওপর বখাটেদের হামলা
গোপালগঞ্জে বিদ্যালয় থেকে ফেরার সময় ছয়জন স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। গত বুধবার বিকেলে জেলা শহরের ওহাব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এক ছাত্রীর মা বাদী হয়ে ছয়জন তরুণকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।হামলার শিকার শহরের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীরা জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় কয়েকজন বখাটে প্রতিদিনই তাদের উত্ত্যক্ত করত। বুধবার তারা ছয়জন বান্ধবী বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে পিডব্লিউডি ডরমিটরির কাছে বখাটেরা তাদের অটোরিকশার গতিরোধ করে যানটিতে উঠে পড়ে। এ সময় বখাটেরা চালক হাফিজুর সিকদারকে মারধর করে। শহরের ওহাব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ছাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেরা তাদের থাপড় ও ঘুষি মারে এবং অটোরিকশাটি ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে সুমন সরদার (১৮) নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় গতকাল এক ছাত্রীর মা বাদী হয়ে সুমন সরদারসহ বাপ্পি, পিয়াল শেখ, মুজাহিদ মোল্যা, খালিদ সিকদার ও তনু নামের ছয়জন তরুণকে আসামি করে মামলা করেছেন।