ছয় স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি জোগাবে প্যারাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীর প্রত্যেককে এক বছর সপ্তাহে দুটি করে মুরগির ডিম খাওয়ানোর ঘোষণা দিয়েছে প্যারাগন গ্রুপ। পাশাপাশি তাদের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় চিকিৎসক নিয়োগের ঘোষণাও দেওয়া হয়।
শিশুদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’। গতকাল শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওব্রট, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ফা হ আনসারি, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ মিয়া, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
মশিউর রহমান বলেন, ‘অপুষ্টির কারণে অনেক শিশুর স্বাস্থ্য ও মেধার বিকাশ ঠিকমতো হচ্ছে না। প্রতিটি মানুষের পুষ্টির জন্য বছরে ১০৪টি ডিম খাওয়া দরকার, সেখানে আমরা গড়ে খাচ্ছি ৪৫ থেকে ৫০টি। দরিদ্র পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। আমরা পাঁচ হাজার ব্যবসায়ীর প্রত্যেকে যদি তিনটি করে স্কুলের দায়িত্ব নিই, তবে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব। বাকি অর্ধেক স্কুলে সরকার যদি সপ্তাহে টিফিনে শিক্ষার্থীপ্রতি দুটি করে ডিম খাওয়ানোর ব্যবস্থা করে, তবে আগামী ১০ বছরে অনেকাংশে পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।’ তিনি আরও বলেন, গত বছর তাঁরা মৌলভীবাজারের তিনটি স্কুলে একই ধরনের কার্যক্রম শুরু করেন।
সোফি ওব্রট বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ দারুণ অগ্রগতি করেছে। এখানে এসে আমি সত্যিই খুব মুগ্ধ। উন্নয়ন সহযোগী হিসেবে আমরা বাংলাদেশের পাশে আছি, থাকব।’
মোফাজ্জল হোসেন বলেন, বিজ্ঞানমনস্ক আধুনিক মানুষ গড়তে হলে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য গঠনে রাষ্ট্র ও পরিবারকে এগিয়ে আসতে হবে। শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য গঠনে প্যারাগন গ্রুপ দায়িত্ব নেওয়ায় তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে সাধুবাদ জানান। একই সঙ্গে তিনি অন্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
ফা হ আনসারি বলেন, ‘প্যারাগনের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে আশা করছি, প্যারাগন মডেলকে অনুসরণ করে আমাদের মধ্য থেকে অনেকে এ ধরনের স্কুল ফিডিং প্রোগ্রাম শুরু করবে।’
অনুষ্ঠানে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতাভুক্ত বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা আদর্শ বিদ্যাপীঠ, আবাবিল একাডেমি ও শিশুকানন বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, পোলট্রি শিল্প উদ্যোক্তা, অ্যানিমেল হেলথ কোম্পানির প্রতিনিধি, গণমাধ্যমের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।