ছয় স্টিমারের তিনটি বিকল ঈদে যাত্রীদুর্ভোগ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ছয়টি স্টিমারের মধ্যে তিনটি বিকল হয়ে পড়ে আছে। ফলে আসন্ন ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।সর্বশেষ গত রোববার পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পিএস টার্ন ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে সোমবার ভোর চারটায় বরিশালের ১৫ কিলোমিটার দূরে কীর্তনখোলার বগদিয়া চর এলাকায় বা পাশের প্যাডেল ভেঙে বিকল হয়ে পড়ে। পরে কোনোমতে জাহাজটি বরিশাল নৌবন্দরে নেওয়া হয়।বিআইডব্লিউটিসির বরিশালের নির্বাহী প্রকৌশলী কমল মিত্র জানান, ছয়টি স্টিমারের মধ্যে এখন শুধু পিএস অস্ট্রিচ সচল রয়েছে। অন্য পাঁচটি পিএস লেপচা, মাসুদ, শেলা, সোনারগাঁও ও টার্ন ত্রুটিপূর্ণ। এবার ঈদে নিয়মিত সার্ভিস চালু রাখাই অসম্ভব হবে। সে ক্ষেত্রে স্পেশাল সার্ভিস আদৌ থাকবে কি না, বলা যাচ্ছে না।বিআইডব্লিউটিসির বরিশাল প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সংস্থার ছয়টি জাহাজের মধ্যে বাতিলযোগ্য জাহাজ শেলা বার্ষিক মেরামতের নামে আট মাস ধরে ডকইয়ার্ডে পড়ে রয়েছে। পিএস মাসুদ ৭ জুলাই থেকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে মেরামতের অপেক্ষায়। সর্বশেষ সোমবার সকালে পিএস টার্ন বরিশালে বিকল হয়ে পড়ে। নিয়মিত চলাচলকারী জাহাজের তিনটি বিকল। বাকি তিনটি জাহাজের মধ্যে সোনারগাঁও বেশ কিছু দিন ধরে চলাচল করছে না। লেপচা সার্ভিসে থাকলেও চলতি মাসেই যাত্রী পরিবহন অবস্থায় দুই দফায় বিকল হওয়ায় এখন মেরামত করা হচ্ছে। একমাত্র পিএস অস্ট্রিচের ইঞ্জিন ত্রুটিমুক্ত থাকলেও ছাদ থেকে পানি পড়ার কারণে প্রথম শ্রেণীর যাত্রীরা এ জাহাজের প্রতি বিমুখ।বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ের অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল কৃষ্ণ মজুমদার জানান, ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌপথে বিআইডব্লিউটিসির সার্ভিস নেই বললেই চলে। তার ওপর গতকাল সোমবার পিএস টার্নের প্যাডেল ভেঙে বিকল হয়ে পড়েছে। ১০০ বছরের পুরোনো জাহাজ দিয়ে সার্ভিস চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। নতুন জাহাজ না আনলে যাত্রীসেবা সচল রাখা সম্ভব হবে না।