ছয় স্থানে শিশুসহ আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকাসহ ছয়টি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৮৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭২২। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের পিকআপচালক তাপস কুণ্ডু (৩২) এবং কায়েদী আজম (১৫)।
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক পার হওয়ার সময় গতকাল বেলা ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারীকে (৭০) একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালীর সেনবাগে রাস্তার মাথা নামক স্থানে গতকাল সকালে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে চালক মো. পলাশ (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি মোহাম্মদপুর গ্রামে।
গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে বশির মুন্সী (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সন্ধ্যায় সদরের কড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-কোহিত সড়কে গত বৃহস্পতিবার বিকেলে নছিমনের চাকায় পিষ্ট হয়ে সালমান হোসেন (৮) নামে একটি শিশু মারা গেছে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর ও সিংড়া উপজেলার বড় চৈগ্রাম এলাকায় বৃহস্পতিবার রাতে ধানবোঝাই পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে শরিফ সরদার (৩০) এবং নুরুল ইসলাম (৩২) নিহত হন।