ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় একটি মালবোঝাই ট্রাকের চাপায় ডিজেলচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন৷ এ ছাড়া সিরাজগঞ্জ, রাজবাড়ী, ভোলা, কুষ্টিয়া ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ আরও ছয়জন নিহত হন৷ গত দুই দিনে এসব দুর্ঘটনা ঘটে৷ আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
অভয়নগর (যশোর): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে যাত্রীবাহী অটোরিকশাটি ১০ জন যাত্রী নিয়ে খুলনার ফুলতলা থেকে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল৷ সকাল পৌনে আটটার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাটবোঝাই ট্রাক অটোরিকশাটির ওপর উঠে যায়৷ এতে ঘটনাস্থলেই উপজেলার কোটা গ্রামের ফারুক হোসেন (৪৫), নাউলী গ্রামের বাসিন্দা ও নওয়াপাড়া জুট মিলের কর্মকর্তা টুটুল মল্লিক (৪২), শুভরাড়া গ্রামের ইকবাল মোল্লা (৪৫), খুলনার ফুলতলার আলকা গ্রামের মন্টু কর্মকার (৪৫), পরিতোষ সাহা (৫৫), পয়গ্রামের গোপাল চন্দ্র বালা (৬৫) ও সগির শেখ (৩৫) নিহত হন। এ ছাড়া অটোরিকশার চালক অভয়নগরের গুয়াখোলা গ্রামের মনিরুল ইসলাম (৩০), খুলনার ফুলতলার ফোরকান আলী (৩০) ও পয়গ্রামের আবুল বাশার (৩৫) আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ খুলনাগামী ট্রাকটিকে জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হন। তাঁরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর হোসেন চৌধুরীর স্ত্রী সামিনা চৌধুরী (৪২) এবং তাঁর বাসার গৃহপরিচারিকা রজনী (১৫)। পুলিশ জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল। গতকাল ভোরে পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দিলে ওই দুজনের মৃত্যু হয়৷
ভোলা: চরফ্যাশন উপজেলায় নছিমনের চাপায় মারিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ভোলা-চরফ্যাশন সড়কের নায়েবের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার আসলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে। এ ঘটনায় নছিমন ও এর চালক নূর হোসেনকে আটক করেছে পুলিশ৷
কুষ্টিয়া: মিরপুর উপজেলায় মিরপুর-পোড়াদহ সড়কে ইজিবাইকের চাপায় ফাহিম সরদার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সামনে রাস্তা পার হচ্ছিলেন ফাহিম সরদার৷ এ সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তাঁকে চাপা দেয়৷
নীলফামারী: গতকাল সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে সদর উপজেলার কাজীরহাট এলাকায় একটি চলন্ত বাসের চাকা ফেটে যায়৷ একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে তহমিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ আহত হন৷ নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়৷
গোয়ালন্দ (রাজবাড়ী): সোমবার অটোরিকশার চাপায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী আরশাদ আলী (৫৫) নিহত হন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া এলাকায় টিকা সরবরাহ শেষে বাইসাইকেলে করে স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন আরশাদ। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানালঘাট এলাকায় একটি অটোরিকশা তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়৷
বরিশাল: বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে গতকাল সকালে চাকা খুলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়। এদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷