ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন, উল্লাপাড়া, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ ও সরাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছে। গতকাল শনিবার ও শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:ভোলা: তজুমদ্দিন উপজেলার বরুণের দোকানের মোড় এলাকায় গতকাল শনিবার একটি নছিমন উল্টে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। চরফ্যাশনের বসারাত উল্লাহ চৌমহনী এলাকায় শুক্রবার একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এর আরোহী রুবেল দফাদার ঘটনাস্থলেই নিহত হন। উল্লাপাড়া: উপজেলার গজারিয়া গ্রামের পাশে একটি ট্রাক একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী আমিরুল ইসলাম (২৫) নিহত হন। চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলার গজালবাড়ী এলাকায় শুক্রবার পাওয়ার টিলারের চাপায় বৃষ্টি (৪) নামে এক শিশু নিহত হয়। সে এলাকার জামাল উদ্দীনের মেয়ে। হবিগঞ্জ: হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি গ্রামের কাছে গতকাল একটি ট্রাক খাদে পড়ে গৌর হরি (৪৫) ও বদরুদ্দিন (২০) নামে দুজন নিহত হন। তাঁদের বাড়ি লাখাই উপজেলার পূর্ব বুল্লা ও কামরাপুর গ্রামে। সরাইল: সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে গতকাল একটি ট্রাকের চাকা ফেটে গিয়ে এর চালকের সহযোগী মো. তাজুল ইসলাম (২৫) নিহত হন। পুলিশ জানায়, বিকল চাকাটি খোলার সময় হঠাৎ এটি বিস্ফোরিত হয়।