ছয় স্বজনকে হারিয়ে পাগলপ্রায় ফিরোজা
‘ভাইগো তুমি কিয়ের লাইগা এত দূর গেছিলা। আমার ভাইরে তোমরা ফিরাইয়া দাও।’ ছোট ভাইকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন ফিরোজা বেগম (৬০)। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ১৮ জন নিহত হন। এঁদের মধ্যে ফিরোজার ভাই আবদুর রশীদ (৫০) ও লাল মিয়া রয়েছেন। একই ঘটনায় লাল মিয়ার দুই স্ত্রী ও মেয়ে শিউলি আক্তার (১৪) মারা গেছে। রয়েছেন ফিরোজার ভগ্নিপতি আবদুল জলিলও (৫৫)। ছয় স্বজনকে হারিয়ে পাগলপ্রায় ফিরোজা। শুধুই বিলাপ করছেন আর থেমে থেমে মূর্চ্ছা যাচ্ছেন।দুর্ঘটনায় হতাহতদের সবাই গাজীপুর সদর উপজেলার হাড়িনাল ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। স্বজন হারানোর শোকে ফিরোজার মতো আরও অনেকের বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে।গতকাল বেলা ১১টার দিকে তিনটি গ্রামে গিয়ে দেখা যায়, চায়ের দোকানগুলোতে ভিড় জমে আছে। শোকাবহ পরিবেশে সবার দৃষ্টি দোকানের টেলিভিশনের দিকে।রাজবাড়ী-কাপাসিয়া মূল সড়কের একটু ভেতরেই লাল মিয়ার বাড়ি। নোয়াগাঁও গ্রামের ওই বাড়িতে ততক্ষণে আশপাশের মানুষ ও স্বজনদের ভিড় জমে গেছে। ফিরোজা বেগমকে তাঁরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনো সান্ত্বনাই যেন তাঁকে মানাতে পারছেন না। দুই স্ত্রী জয়নব বেগম (৬৫) ও মফিজা আক্তারসহ (৪৫) পরিবারের ১০ সদস্যকে নিয়ে ফটিকছড়ির মাইজভান্ডারীর জলসায় যোগ দিতে গিয়েছিলেন লাল মিয়া। এদের ছয়জনই দুর্ঘটনায় মারা গেলেন।মাইজভান্ডার দরবার শরিফ থেকে ফেরত গাজীপুরের মোমিন উদ্দিন সাংবাদিকদের জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরিফে বাবার ওফাত দিবস উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদে যোগ দিতে গাজীপুর থেকে শতাধিক মুরিদ ও আশেকান শনিবার সেখানে যান। জনপ্রতি এক হাজার ১০০ টাকা চাঁদা দিয়ে তাঁরা ওই অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘অনুষ্ঠানে যাওয়া দুটি বাসের একটি বাস নিয়ে আমরা গাজীপুরে ফিরে আসি। অন্যরা কক্সবাজারে বেড়াতে যান। সেখানে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।’হাড়িনাল গ্রামের সাধিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর স্বামী হানিফ আলী ও দেবর সোলাইমান স্থানীয় বাজারে তালা-চাবি মেরামত করেন। তাঁরাও মাইজভান্ডারীর অনুষ্ঠান শেষে কক্সবাজারে যাচ্ছিলেন। যাওয়ার সময় রোববার রাত ১০টার দিকে মুঠোফোনে তাঁদের সঙ্গে শেষ কথা হয়। কিন্তু দুর্ঘটনার পর থেকে তাঁদের সঙ্গে আর কথা বলা যায়নি।