সাত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে ঢাকা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, বরগুনা ও শেরপুরের সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তাঁরা হলেন ঢাকা-১৫ (কাফরুল) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এখলাস উদ্দিন মোল্লা (হাতি), নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শওকত আলী (তালা), লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এ কে এম শরিফ উদ্দিন (ফুটবল) ও আজাদ উদ্দিন চৌধুরী (হরিণ), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন (দোয়াত-কলম), বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন শিকদার (মোরগ) এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা (আনারস)।

ঢাকা ও জেলার নিজস্ব প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদন:

ঢাকা: দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ঢাকা-১৫ (কাফরুল) আসনের স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা সাংবাদিকদের অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। এ কারণে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

নারায়ণগঞ্জ: বেলা সোয়া একটার দিকে রূপগঞ্জে শওকত মার্কেটে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শওকত আলী। তিনি বলেন, ১০১টি কেন্দ্রের মধ্যে ৫০টির বেশি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকা-সমর্থকেরা জাল ভোট দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। শওকত আলী বলেন, নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হচ্ছে না। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলেও তাঁরা ব্যবস্থা নিচ্ছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তিনি ও তাঁর এজেন্টদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে।

শওকত আলী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এদিকে, সকালে একই আসনের জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবদিন চৌধুরী প্রথম আলোকে অভিযোগ করেন, তাঁর এজেন্টদেরও বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা-সমর্থকেরা তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

লক্ষ্মীপুর: নির্বাচন বর্জনের পর লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রচুর কারচুপি ও ভোট জালিয়াতি হচ্ছে। ২৫টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। একটি কেন্দ্রে তাঁর নিজের বোন পোলিং এজেন্ট ছিলেন। তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। কারচুপি ও জাল ভোটের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

অপর স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী নির্বাচন বর্জন করার পর তাঁর সমর্থকদের নিয়ে রামগতি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে ‘এ নির্বাচন অবৈধ’, ‘মানি না মানব না’ বলে স্লোগান দেওয়া হয়। পরে র্যাব লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় রামগতি উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

গতকাল রাতে এই আসনের পাঁচটি কেন্দ্রের সামনে নাশকতার ঘটনা ঘটে। দুটি কেন্দ্রের বাইরে নির্বাচনী সরঞ্জাম বহনকারী পিকআপে আগুন দেওয়া হয়। এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৩টিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি-জামায়াত-অধ্যুষিত এই আসনে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৭১৯ জন। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধি জানান, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। তবে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা মুঠোফোনে জানান, ভালোই ভোট পড়ছে।

সিরাজগঞ্জ: বেলা একটার দিকে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন। তিনি জানান, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে।

বরগুনা: দুপুর ১২টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন শিকদার। তিনি অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার মধ্যে পাথরঘাটার সবগুলো কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমানের সমর্থকেরা দখল করে নেন। একইভাবে বামনা উপজেলার সাতটি কেন্দ্র দখল করে প্রচুর জাল ভোট দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান বলেছেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বেতাগীর মোকামিয়া কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার এজেন্টদের মারধর করেছেন।

শেরপুর: বেলা একটা ৪৫ মিনিটে নকলা হলপট্টি এলাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা। তিনি বলেন, ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরীর সমর্থকেরা ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি ও তাঁর এজেন্ট-কর্মীদের হয়রানি করছেন।  বদিউজ্জামান বাদশা (আনারস) কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি।