ছয় হাজার একর জমিতে আমন চাষ হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু নদ প্রকল্পের আওতাধীন কাওয়াদিঘি হাওরে জলাবদ্ধতার কারণে প্রায় সাড়ে ছয় হাজার একর জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। আমনের চারা রোপণের চূড়ান্ত সময় বয়ে যাচ্ছে। কিন্তু হাওরের পানি সরছে না। প্রকল্পের কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে সেচ দিয়ে অতিরিক্ত পানি বের করা যাচ্ছে না। এতে ওই এলাকার শত শত কৃষক এখন অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন।জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আশরাফ উদ্দিনের কথায় এই আশঙ্কাই স্পষ্ট ধরা পড়ে। গত সোমবার তিনি প্রথম আলোকে বলেন, বৃষ্টি না থাকলে, হাওরের পানি সামান্য কমে। কিন্তু একটুখানি বৃষ্টি হলেই আবারও পানি বেড়ে যায়। এদিকে ১৫ আগস্টের মধ্যে আমনের চারা রোপণ করা জরুরি। কিন্তু পানি সরে যাওয়ার কোনো লক্ষণই নেই। আশঙ্কা করা হচ্ছে, এবার এই এলাকায় আমন ফসল ফলানো যাবে না।এলাকাবাসী ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়ে কাওয়াদিঘি হাওরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলার উদনাছড়া, কলামোয়া, নলুয়ারমুখসহ বিভিন্ন পাহাড়ি ছড়ার পানি হাওরে ঢুকছে। এদিকে কুশিয়ারা নদীতে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওর থেকে পানি বেরিয়ে যেতে পারছে না। হাওরের জলাবদ্ধতা নিরসনে কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে অতিরিক্ত পানি সেচ দিয়ে বের করে দেওয়ার কথা। কিন্তু এখন সেচ দিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না।এলাকাবাসী ও কৃষি বিভাগ জানিয়েছে, কাওয়াদিঘি হাওরের পানিতে রাজনগর উপজেলার পাঁচগাঁও, ফতেহপুর, উত্তরভাগ, মুন্সীবাজার, রাজনগর ও মনসুরনগর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার একাটুনা ও আখাইলকুড়া ইউনিয়নের আউশ, বোনা আমন (কাতারি) ও আমন ফসলের অসংখ্য বীজতলা পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী জানান, তাঁরা আশা করেছিলেন, পানি নেমে গেলে আমনের চারা রোপণ করতে পারবেন। তাই অনেকেই শুকনো এলাকায় আত্মীয়স্বজনের জমিতে কিংবা জমি ভাড়া নিয়ে হালিচারা তৈরি করেছিলেন। কিন্তু পানি না কমায় এখন তাঁদের নিরাশ হতে হচ্ছে। সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের সুমারাই গ্রামের কৃষক নজরুল ইসলাম (৪৫) বলেন, প্রায় দেড় একর জমি চাষের জন্য প্রস্তুত এবং হালিচারা সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সর্বনাশা পানি সব শেষ করে দিয়েছে। চারাগুলো এখন কেটে গরুকে খাওয়ানো ছাড়া আর গত্যন্তর নেই। এলাকাবাসী জানিয়েছেন, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহবাজপুর, ফতেহপুর, মুনিয়ারপার, গোবিন্দপুর, অন্তেহরি, মজেপরপুর, ইসলামপুর, সোনাপুর, পাঁচগাঁও ইউনিয়নের রক্তা, আমিরপুর, কেওলাসহ বেশ কয়েক গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জামি আহমদ বলেন, কৃষিজমির সব পানিতে তলিয়ে গেছে। পানি সরছে না। পাম্প চালানো হচ্ছে। তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে সমস্যার সমাধান হচ্ছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকায় ছয় হাজার ৪১২ একর আমন চাষের জমি এখনো পানির নিচে রয়েছে। এর মধ্যে রাজনগর উপজেলায় চার হাজার ৪৪৬ একর এবং সদর উপজেলায় এক হাজার ৯৭৬ একর জমি রয়েছে। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম চৌধুরী ৯ আগস্ট বলেন, এর মধ্যে পানি কিছুটা কমেছিল। হাত খানেক কমলে আমনের চারা রোপণ করা যেত। কিন্তু পানি আবার বেড়ে গেছে। অবস্থা বেশি সুবিধার মনে হচ্ছে না।রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেসুর রহমান সরকার একই দিন বলেন, ‘কাশিমপুর পাম্প হাউসের সব কটি পাম্প সচল রাখলে এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না। আমি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার ফোনে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছি।’কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাদা বলেন, ‘কুশিয়ারা নদীর পানি হাওরের পানির উচ্চতার থেকে নিচে নেমে গেলে হাওরের পানি কমবে। কিন্তু এখনো সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি।’একই দিন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, পাম্প হাউসের মাধ্যমে রেগুলেটর ও সেচ এই দুই পদ্ধতিতে হাওর থেকে পানি বের করা হয়। পাম্প হাউসে দুটি রেগুলেটর আছে। কিন্তু কুশিয়ারা নদীর পানির উচ্চতা হাওরের পানির উচ্চতার চেয়ে বেশি থাকায় রেগুলেটর পদ্ধতি কাজ করছে না। অন্যদিকে হাউসের আটটি সেচপাম্পের মধ্যে তিনটি অচল রয়েছে। অন্য পাঁচটি পাম্প রাত ১০টা থেকে পরদিন বিকেল পাঁচটা পর্যন্ত যতটা সম্ভব চালানো হচ্ছে।