ছয় হাজার টাকার হাট এবার ১ লাখ ১১ হাজার টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার একটি হাট-বাজারের ইজারা মূল্য এবার এক লাখ ১১ হাজার ৫০০ টাকায় উঠেছে। গত বছর এ হাটের ইজারা মূল্য ছিল মাত্র ছয় হাজার ৩০০ টাকা। পৌরসভার একটি সূত্র জানায়, বাংলা ১৪১৮ সনের জন্য ওই হাট-বাজারের নিলাম আহ্বান করা হয়। সেই অনুযায়ী ছয়টি দরপত্র দাখিল করা হয়। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের আল আমিন। তিনি এক লাখ ১১ হাজার ৫০০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করে নিলামে অংশগ্রহণ করেন। গত বছর এ হাট-বাজারের ইজারাদার ছিলেন রায়গঞ্জ পৌরসভার বর্তমান কাউন্সিলর বাবুল আক্তার। বাবুল আক্তার বলেন, ‘আমি নামমাত্র মূল্যে হাট-বাজারটি ইজারা নিয়ে ব্যবসায়ীদের জন্য টোলমুক্ত কেনাবেচার ব্যবস্থা করতাম। এ বছর প্রতিযোগিতার জোরে এত দাম উঠেছে।’ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ জানান, এ ব্যাপারে দুই-চার দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে পৌরসভার অধীন ধানগড়া হাট-বাজারের গত বছর ইজারা মূল্য ছিল চার লাখ ২৪ হাজার ৫০০ টাকা, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫১ হাজারে।