ছয় হাজার নারীর টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে আলফা কনজ্যুমার নামের একটি প্রতিষ্ঠান ছয় সহস্রাধিক নারীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে সয়াবিন তেল বিক্রির আশ্বাস দিয়ে সদস্য সংগ্রহ করে তাঁদের কাছ থেকে এর সিংহভাগ টাকা আদায় করেছেন। আর সদস্য সংগ্রহের জন্য নিয়োগ করা ৩৭ জন সুপারভাইজরের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করা হয়েছে। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ৫০ টাকার ফি নিয়ে সদস্যদের যে রসিদ দিয়েছে, তাতে আলফা কনজুমারের প্রধান কার্যালয়ের ঠিকানা গাজীপুর জেলার টঙ্গি বাজার এলাকা উল্লেখ করা হয়েছে। সাত দিন ধরে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে তালা ঝুলছে। প্রতারণার শিকার সুপারভাইজর আঁখি বেগম গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় ওই প্রতিষ্ঠানের তিন কর্মকতার বিরুদ্ধে মামলা করেছেন। ভুক্তভোগীরা জানান, মাস পাঁচেক আগে তিন ব্যক্তি উপজেলার পৌর এলাকার কালীপাড়া গ্রামের আবদুল মতিনের বাসা ভাড়া নিয়ে ‘আলফা কনজ্যুমার’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে। প্রথমে তাঁরা ওই প্রতিষ্ঠানের পণ্য কয়েক শ বোতল সয়াবিন তেল সেখানে রাখেন। এরপর ৩৭ জন নারীর কাছ থেকে জামানত হিসেবে পাঁচ হাজার টাকা করে নিয়ে তাঁদের সুপারভাইজর পদে নিয়োগ দেওয়া হয়। সুপারভাইজররা উপজেলার বিভিন্ন গ্রামে থেকে পাঁচ হাজার ৯৯০ জন্য সদস্য সংগ্রহ করেন। সদস্য ফি বাবদ প্রায় তিন লাখ টাকা প্রতিষ্ঠানে জমা দেন। এর আগে সুপারভাইজররা নিয়োগ পেতে জামানতের এক লাখ ৮৫ হাজার টাকা জমা দেন।ভুক্তভোগী সুপারভাইজর রাবেয়া বিবি জানান, ওই প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে যে পরিচয় দিতেন তাঁর নাম জিয়াউর রহমান মাছুম। আর ফজলুল হোসেন ও আনোয়ার হোসেন নামে দুজন মাঠ কর্মকর্তা ছিলেন।সুপারভাইজর আঁখি বেগম জানান, এ পর্যন্ত তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। প্রতিষ্ঠানের কর্মকর্তারা ১৬ মার্চ ঢাকায় প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নিয়োগপত্র ও চার মাসের বেতনের টাকা একসঙ্গে নিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ জন্য সুপারভাইজরদের কাছ থেকে বাসের টিকিট বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়। এরপর আর প্রতিষ্ঠানের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। বানাইল গ্রামের ভুক্তভোগী শেফালী রানী, কালীপাড়া গ্রামের গোলাপী বিবি, আঞ্জুয়ারা বেগম জানান, তাঁরা বুঝতেই পারেননি যে, প্রতারকের খপ্পরে পড়েছেন।প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা পরিচয়দানকারী জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, নারীরা প্রতারণার শিকার হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করা হয়েছে।