ছয় হাজার বাড়িতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকার রাজধানীর আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য ছয় মাস সময় দিয়েছে। একই সঙ্গে এ ধরনের বাড়িগুলো চিহ্নিত করার কাজও চলছে। এখন পর্যন্ত এ রকম ছয় হাজার বাড়ি চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা নোটিশ পাঠিয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানায়, ধানমন্ডি, গুলশান, বনানী ও বারিধারার এই বাড়িগুলো আবাসিক শ্রেণির। কিন্তু এগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। তাই প্রথমেই এসব বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করার বার্তা দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। কারণ, এসব বাড়ি আবাসিক শ্রেণির হওয়া সত্ত্বেও গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ নেওয়া হয়েছে বাণিজ্যিক শ্রেণির।
নোটিশ পাওয়া বাড়ির মালিকদের অনেকে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে জানার চেষ্টা করছেন সরকার তার সিদ্ধান্ত বাস্তবায়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। নাম প্রকাশে অনিচ্ছুক ধানমন্ডির এমন এক বাড়ির মালিক গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বসে প্রথম আলোকে বলেন, আবাসিক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, রেস্তোরাঁ থাকা তো অপরিহার্য। আবাসিক এলাকায় বসবাসকারীদের প্রয়োজনে এগুলো গড়ে উঠেছে। এখন এগুলো তুলে দেওয়া হলে এলাকাবাসীরই বা চলবে কী করে, আর এগুলোই বা যাবে কোথায়?
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সূত্র বলে, রাজধানীর আবাসিক এলাকাগুলোর ওই সমস্যা বিবেচনা করেই সরকার প্রতিটি ক্ষেত্রে কিছু বাণিজ্যিক এলাকা নির্ধারণ করে দিয়েছে। যেমন, ধানমন্ডির ক্ষেত্রে ২ নম্বর ও ২৭ নম্বর সড়ক বাণিজ্যিক এলাকা হিসেবে স্বীকৃত। আবার ধানমন্ডিকে ঘিরে মিরপুর রোড ও সাতমসজিদ রোডও বাণিজ্যিক এলাকা। সেখানে প্রয়োজনীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে কোনো বাধা নেই।
কিন্তু এর বাইরেও প্রতিটি এলাকায় আবাসিক হিসেবে বরাদ্দ পাওয়া প্লট ও এসব প্লটে গড়ে তোলা ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে বাজার, রেস্তোরাঁ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ছাড়া অতিথিশালা, পানশালার মতো প্রতিষ্ঠানও রয়েছে। সরকার এগুলো চালাতে দেবে না।
ওই সূত্র বলে, এসব প্রতিষ্ঠান এখন কোথায় সরিয়ে নেওয়া হবে, তা সরকারের বলার কথা নয়। বলা সম্ভবও নয়। যাঁরা এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এ দায়িত্ব তাঁদেরই নিতে হবে। এর মধ্যে কেউ কেউ বিভিন্ন সংস্থার অনুমোদন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি গড়ে তুলেছেন। কিন্তু ওই অনুমোদন বাতিল করা হবে।
রাজধানীর আবাসিক এলাকাগুলো অনেক দিন ধরেই তার আবাসিক চরিত্র হারাচ্ছিল। যানজট, পানি, গ্যাস, বিদ্যুতের সংকট প্রভৃতি এর কারণ। এই কারণগুলোর পেছনে রয়েছে আবাসিক এলাকার বাণিজ্যিক ব্যবহারের ব্যাপ্তি। এই পটভূমিতে রাজধানীর আবাসিক এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ প্রণয়নের জন্য মন্ত্রিসভা গত বছরের ৮ জুন স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছিল।
স্থানীয় সরকার বিভাগ ৪ এপ্রিল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে। তার ভিত্তিতে কিছু নির্দেশনা দেয় মন্ত্রিসভা। এগুলো হচ্ছে আবাসিক এলাকার বাড়িগুলোর ভূগর্ভস্থ তলা (বেসমেন্ট) শুধু গাড়ি রাখা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আবাসিক এলাকার সব পানশালার লাইসেন্স বাতিল করা হবে। এসব এলাকায় কোনো রেস্তোরাঁ কিংবা অতিথিশালা থাকতে পারবে না। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর জন্য সিটি করপোরেশন যে লাইসেন্স দিয়েছে, সেগুলো তারা বাতিল করবে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার যে মূসক নিচ্ছিল, তা আর নেওয়া হবে না। মন্ত্রিসভা এই নির্দেশনা অনুযায়ী সব প্রতিষ্ঠান সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দেয়। এই ছয় মাস ৪ এপ্রিল থেকেই গণনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া না হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অবশ্য এর আগেই বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালাচ্ছিল রাজউক ও সিটি করপোরেশন। গ্যাস-বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোও সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চালাচ্ছিল। মন্ত্রিসভা ছয় মাস সময় বেঁধে দেওয়ায় সেগুলো আপাতত বন্ধ রয়েছে। তবে ভবনগুলো চিহ্নিত করা, ক্ষেত্রবিশেষে নোটিশ দেওয়া প্রভৃতি আনুষঙ্গিক কাজ চালানো হচ্ছে, যাতে নির্ধারিত ছয় মাস শেষ হওয়ার পর কোনো বিলম্ব ছাড়াই সরকার ব্যবস্থা নিতে পারে।