
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ফরিয়াদিকুলের হাঙর খাল ও চুনতির চাম্বি খালে ১১ কোটি টাকা ব্যয়ে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া লোহাগাড়ার পশ্চিম কলাউজানের করমআলী ছড়ায় এবং বড়হাতিয়ার আমতলীর পাগলি ছড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে দুটি জলকপাট (¯স্লুইস গেট) নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ছয় হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদিত হবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ।
ইতিমধ্যে হাঙর খালের রাবার ড্যামের ৭০ ভাগ এবং চাম্বি খালের রাবার ড্যামের প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। জলকপাটগুলোর কাজও ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা যায়।
সম্প্রতি নির্মাণাধীন দুটি রাবার ড্যাম এলাকা ঘুরে দেখা গেছে, প্রকল্পগুলোর কাজ চলছে পুরোদমে। প্রকল্প–সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন, দুটি রাবার ড্যামকে ঘিরে স্থানীয় কৃষকদের নিয়ে ইতিমধ্যে সমবায় সমিতি গঠিত হয়েছে। এর মধ্যে একটি হলো হাঙর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এই সমিতির সভাপতি সহিদুল ইসলাম বলেন, তাঁর সমিতিতে ৮০০ জন কৃষক সদস্য হয়েছেন। ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে কৃষকদের গরু প্রদান, মৎস্য চাষের ঋণ দান, সিএনজি অটোরিকশা প্রদানসহ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ রাবার ড্যামের কারণে স্বল্পমূল্যে সেচসুবিধা পাওয়ায় পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল, জঙ্গল পদুয়া, বাগমুয়া, আঁধারমানিক এলাকায় বোরো মৌসুমে ধান চাষ বাড়বে।
অপর সমিতিটি হলো চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এই সমিতির সভাপতি মাহবুবর রহমান বলেন, রাবার ড্যামকে ঘিরে স্থানীয় তিন শতাধিক কৃষককে নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়েছে। ইতিমধ্যে এ সমবায় সমিতি থেকে কৃষকদের মাঝে ১৯ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সমিতির সঞ্চয়ের পরিমাণ প্রায় চার লাখ টাকা। ভবিষ্যতে রাবার ড্যাম এলাকায় মাছ চাষের ব্যবস্থা করা হবে। এতে সমবায়ের কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, দুটি রাবার ড্যাম ও দুটি জলকপাট নির্মাণের ফলে সেচের জন্য এবার আর পানির অভাব হবে না। এ কারণে বোরো মৌসুমে এ এলাকায় অন্তত দেড় হাজার হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে। এতে লোহাগাড়ায় প্রতিবছর প্রায় ছয় হাজার মেট্রিক টন চাল উৎপাদন বেশি হবে। ইতিপূর্বে ২০০১ সালে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে টংকাবতী খালে রাবার ড্যাম স্থাপনের কারণে এ অঞ্চলে কৃষিসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। টংকাবতী খালে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার ফলে চরম্বায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ ৩৯২ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার হেক্টরে। পাশাপাশি একরপ্রতি জমিতে সেচ খরচ কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া শীতকালীন শাকসবজির উৎপাদনও বেড়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, লোহাগাড়ায় আরও রাবার ড্যাম ও জলকপাট স্থাপিত হলে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে।