>এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪টি বিষয়ে সম্মান ও ১০টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে। ছাত্রছাত্রী প্রায় সাড়ে ১৩ হাজার
নেত্রকোনা সরকারি কলেজে ইংরেজি বিষয়ের ক্লাস করে প্রায় ছয় হাজার শিক্ষার্থী। তবে শিক্ষক আছেন মাত্র একজন, অথচ পদ আছে। শুধু ইংরেজি নয়, শিক্ষক-সংকট আছে এ কলেজের অন্য বিভাগগুলোতেও।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৮১ সালে জাতীয়করণ হয়। উচ্চমাধ্যমিক ও স্নাতকের (পাস) পাশাপাশি ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এখানে সম্মান কোর্স চালু হয়। এখন এ কলেজে ১৪টি বিষয়ে সম্মান ও ১০টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে। ছাত্রছাত্রী প্রায় সাড়ে ১৩ হাজার।
কলেজের শিক্ষকেরা বলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুপর্ণা দে গত ১০ জুলাই অন্য একটি কলেজে বদলি হন। এরপর বিভাগে একমাত্র শিক্ষক হিসেবে কর্মরত আছেন প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কলেজটিতে উচ্চমাধ্যমিক ও সম্মান কোর্সে সবার জন্য ইংরেজি বাধ্যতামূলক। ইংরেজি বিষয় আছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২৩১ জন। এক দিনে একাদশ, দ্বাদশ, ডিগ্রি (পাস) ও স্নাতক (সম্মান) সব মিলিয়ে প্রায় ৩০টি শ্রেণিতে ইংরেজি ক্লাস হয়।
একাদশ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসান বলে, ভর্তি হওয়ার পর থেকে তাদের হাতে গোনা কয়েক দিন ইংরেজি ক্লাস হয়েছে। ক্লাস না হওয়ায় তাদের বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ইংরেজির (সম্মান) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে নিয়মিত ক্লাস হয় না। কিন্তু পরীক্ষা তো ঠিকই হয়। তাই প্রাইভেটই পড়তে হয়।’
প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, দাপ্তরিক কাজ থেকে শুরু করে ক্লাস নেওয়াসহ সবকিছু তাঁকেই সামলাতে হচ্ছে। কিছু অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন তাঁরা।
শিক্ষকেরা বলেন, কলেজে অনুমোদিত শিক্ষকের পদ ৬৪টি। এর মধ্যে ১০টি পদ শূন্য। এর মধ্যে ইংরেজির তিনজন শিক্ষকের পদও আছে। এ ছাড়া বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের একটি করে পদ শূন্য।
কলেজের সূত্র আরও জানায়, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু হওয়ার পর প্রয়োজনীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। আশির দশকে এনাম কমিটির সুপারিশ অনুযায়ী স্নাতকে (সম্মান) প্রতিটি বিভাগে সাতজন এবং স্নাতকোত্তর থাকলে ১২ জন করে শিক্ষক থাকার কথা। সে হিসাব অনুযায়ী কলেজটিতে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে ১৪৮ জন শিক্ষক থাকার কথা। কিন্তু বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাড়া আর কোনো বিভাগেই সম্মান কোর্সের জন্য সাতটি পদ সৃষ্টি করা হয়নি। আর স্নাতকোত্তর থাকলেও কোনো বিভাগে ১২ জন শিক্ষকের পদ নেই।
কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ইংরেজির শিক্ষক-সংকট নিয়ে প্রতি মাসে দুবার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিতভাবে প্রতিবেদন পাঠানো হয়। ১৯ জুলাই কলেজের ইংরেজি বিষয়ে শূন্য পদে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়নের জন্য মাউশি মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করা হয়। এরপরও কোনো সাড়া মিলছে না। শিক্ষক-সংকটের কারণে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।
মাউশির মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শুধু নেত্রকোনা কলেজ নয়, আরও অনেক কলেজে শিক্ষক-সংকট আছে। এই সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।